/indian-express-bangla/media/media_files/2026/01/07/abhishek-2026-01-07-15-42-33.jpg)
Abhishek Banerjee & Sukanta Majumdar: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার।
উত্তরবঙ্গ সফরে বুধবার দক্ষিণ দিনাজপুরের তপনে দুই পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তপনের দুই পরিযায়ী শ্রমিক অসিত বর্মন ও গৌতম সরকার মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে গ্রেফতার হন। বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জেলে ভরেছিল পুলিশ। সাত মাস জেলে থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় অবশেষে তারা মুক্তি পান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই দুই শ্রমিকের মুক্তি নিশ্চিত হওয়া সত্ত্বেও BJP-র কোনো সাহায্য তারা পাননি। তিনি অভিযোগ করেন, এলাকার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁদের সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
অভিষেক বলেন, “সমস্যার কথা শুনলে আমি তাদের পাশে দাঁড়াবো না? গতকাল বীরভূমে গিয়েছিলাম। সোনালী খাতুনের সঙ্গে দেখা করেছি। তার অপরাধ শুধু বাংলায় কথা বলা। তাকে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মুক্তি দিতে হয়েছে। একইভাবে মুর্শিদাবাদের ছেলে জুয়েল রানাকে উড়িষ্যায় পিটিয়ে মারা হয়েছে। ছয় থেকে আট মাসে প্রায় ১২০০ অভিযোগ এসেছে। মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।”
আরও পড়ুন- BLO death: ডাক্তার বলেছিলেন বিশ্রাম, তাও টানা কাজ, SIR-এর চাপেই BLO-র মর্মান্তিক মৃত্যুর অভিযোগ
তিনি আরও জানান, SIR শুনানিতে বাংলা শ্রমিকদের অন্য রাজ্যের শ্রমিকের তুলনায় ভিন্ন আচরণ করা হচ্ছে। “বিভাজন, বৈষম্যের রাজনীতি করে বাংলা অশান্ত করা হচ্ছে। ৩০ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রাখা হয়েছে। সুকান্ত মজুমদার ফ্যাশন শোতে ব্যস্ত, মানুষের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ নেই।”
আরও পড়ুন-ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য বিজেপি কিছু করেনি বলে অভিষেকের কড়া আক্রমণ। তিনি বলেন, “যারা আপনাকে নির্বাচিত করেছে, তাদের পাশে থাকার নয়, নিজের নম্বর বাড়ানোর জন্য গালাগালি করছে। আমরা কাজ করি, আমরা করে দেখাই। জনগণকে উন্নয়নের সুবিধা দিতে হবে।” উল্লেখ্য, তপনের দুই পরিযায়ী শ্রমিকের ঘটনা ও তাদের জেলমুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে চরম আকার নিচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us