/indian-express-bangla/media/media_files/2026/02/13/abu-daud-pradhan-unlocks-awami-league-office-panchagarh-2026-02-13-18-46-24.jpg)
ছবি-সংগৃহিত
সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। জয়ের পর এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পদক্ষেপে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের (Awami League) একটি কার্যালয়ের তালা খুলে দেন। শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি সকালে তিনি নিজে উপস্থিত থেকে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুলে দেন এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, “বিএনপি নেতা আবু দাউদ প্রধান আজ চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়কে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত করেছেন। এই সংগঠনটি দল ও সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয়।”
আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আবু দাউদ প্রধানের কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন আমাদের এই হয়রানি থেকে রক্ষা করেন।” প্রাক্তন ছাত্রনেতা আনিসুজ্জামান স্বপন বলেন, “বাংলাদেশের জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ বিকৃত করার চেষ্টা করলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। দলমত নির্বিশেষে আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।”
আবু দাউদ প্রধান জানান, কার্যালয়টি দীর্ঘ সময় ধরে তালাবন্ধ ছিল। তিনি বলেন, “আমি সম্প্রতি জানতে পারি যে আওয়ামী লীগের অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। ১৮ বছর পর আমাদের জয় এসেছে। স্বাধীনতার পক্ষে থাকা শক্তিগুলির ঐক্যবদ্ধ সমর্থনেই আমরা সারা দেশে রেকর্ড ভোট পেয়েছি।”
তিনি আরও বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলে কিছু অসৎ মানুষ থাকে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে। কোনও অবস্থাতেই এলাকায় আইন-শৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া যাবে না।” আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নাগরিক। কোনও অন্যায় করবেন না। কেউ যদি আপনাদের হয়রানি করে, আমাকে জানাবেন। আমি কোনও অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। এলাকায় শান্তি বজায় রাখার স্বার্থেই এই কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এর আগে জামায়াত কর্মীরা আওয়ামী লীগের এই কার্যালয়কে তালাবন্ধ করে রেখেছিল।”
অন্যদিকে আবুল হোসেন নিশ্চিত করেন, “জামায়াত এই কার্যালয়ে তালা দিয়েছিল। আজ আবু দাউদ প্রধানসহ এলাকার বহু মানুষের উপস্থিতিতে আমরা অফিসটি খুলেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আপাতত মুক্তিযোদ্ধারাই এই কার্যালয় ব্যবহার করবেন। এখান থেকে এখনই আওয়ামী লীগের কোনও সাংগঠনিক কার্যক্রম হবে না।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই একে বিরল সৌহার্দ্যের নজির হিসেবে দেখছেন, যেখানে দলীয় বিরোধিতার ঊর্ধ্বে উঠে স্থানীয় শান্তি ও সম্প্রীতিকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-'চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি', ভোটের ফলাফল সামনে আসতেই বিএনপির কাছে বড় দাবি তসলিমা নাসরিনের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us