/indian-express-bangla/media/media_files/2025/11/29/adhir-pc-2025-11-29-14-58-29.jpg)
Adhir Ranjan Chowdhury: অধীর রঞ্জন চৌধুরী।
ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে আবারও রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক। বিজেপি ও তৃণমূল, দুই পক্ষকেই একযোগে আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, ওয়াকফ আইন নিয়ে শুরুতে কড়া আপত্তি জানালেও শেষমেশ সেই আইন কার্যত মেনেই নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তোলেন তিনি।
অধীররঞ্জন চৌধুরী বলেন, “এই রাজ্যে ৩০ থেকে ৩৫ শতাংশ মুসলমান বাস করেন। তাঁদের ‘ম্যানেজ’ না করলে ভোটে জেতা সম্ভব নয়, এই হিসেব করেই বিজেপি ও তৃণমূল দু’পক্ষই রাজনীতি করছে। কিন্তু এখানকার মুসলমানরা এতটা বোকা নন। তাঁরা জানেন, অন্য রাজ্যে বিজেপি কী করছে। আবার তৃণমূলও মুসলমানদের বোকা ভেবে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে এসেছে।” তাঁর মতে, এতদিন মুসলমানরা বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে সমর্থন দিয়েছেন, কিন্তু মমতার “ঠকবাজি” এখন তাঁদের কাছে স্পষ্ট হয়ে উঠছে।
মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে তিনি ওয়াকফ সংশোধনী আইন মানবেন না, এই মন্তব্যের প্রসঙ্গ টেনে অধীররঞ্জন বলেন, “আইন মানবেন না বলেছিলেন মুখ্যমন্ত্রী। অথচ দুম করে ওয়াকফ আইন মেনে নিলেন। এটা কীসের রাজনীতি?”
আরও পড়ুন-SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী
ওয়াকফ সম্পত্তি নিয়ে রাজ্য সরকারের অবস্থান নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে দেশের সর্বাধিক ওয়াকফ সম্পত্তি রয়েছে মোট ১,৪৮,২৫৩টি। এর মধ্যে কতগুলি নথিভুক্ত, কতগুলি দখলমুক্ত, আর কত অমূল্য সম্পত্তি জমি মাফিয়াদের দখলে চলে গিয়েছে, এসব বিষয়ে সরকার কোনও স্পষ্ট চিত্র দিচ্ছে না। তিনি বলেন, “আমরা ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলাম। কিন্তু সরকার নীরব। ওয়াকফ বোর্ডের কতটা ক্ষমতা আছে, সেটাও স্পষ্ট নয়।”
অধীররঞ্জনের অভিযোগ, তৃণমূল সরকার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে “চালাকি ও ঠকবাজি” করছে এবং এইভাবে দীর্ঘদিন ধরে পার পেয়ে যাচ্ছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তাঁর এই তীব্র আক্রমণে রাজ্যের রাজনৈতিক অঙ্গন নতুন করে সরগরম হয়ে উঠেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us