/indian-express-bangla/media/media_files/2026/01/24/aiii-2026-01-24-13-20-14.jpg)
AI in Saraswati Puja: এই ছবিটি AI প্রযুক্তি দ্বারা তৈরি।
North 24 Parganas News: সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে পুজোর সংজ্ঞা। এবার সরস্বতী পুজোয় পুরোহিত সংকটের মুশকিল আসান করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)। উত্তর ২৪ পরগনার সুভাষপল্লীর একটি পরিবারে মোবাইল ফোনের স্ক্রিনে এআই প্রযুক্তি ব্যবহার করেই ঘটা করে সম্পন্ন হলো বাগদেবীর আরাধনা। মন্ত্রোচ্চারণ থেকে পুজোর খুঁটিনাটি রীতি, সবকিছুই নির্ভুলভাবে বাতলে দিল এই আধুনিক প্রযুক্তি।
কেন এই অভিনব উদ্যোগ?
সুভাষপল্লীর বাসিন্দা দীপিকা রায় ঘোষ জানালেন, প্রতি বছর সরস্বতী পুজোয় ব্রাহ্মণ পাওয়া এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুরোহিতরা আসার কথা দিলেও সঠিক সময়ে পৌঁছাতে পারেন না। ফলে পুজোর সময় পিছিয়ে যায়।
সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বাড়ির খুদেরা। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা সকাল থেকে উপবাস করে বসে থাকে। পুরোহিত মশাই আসতে দেরি করলে বাচ্চাদের দীর্ঘক্ষণ খালি পেটে থাকতে হয়, যা বড়দের জন্যও কষ্টদায়ক। এই 'পুরোহিত বিভ্রাট' থেকে মুক্তি পেতেই এবার এআই প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা ভাবেন তারা।
ডিজিটাল মন্ত্রোচ্চারণে পুষ্পাঞ্জলি
পরিবার সূত্রে খবর, পুজোর দিন মোবাইলে এআই চালিত বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। যেখানে মন্ত্র থেকে শুরু করে পুজোর নিয়মাবলী সবটাই হুহু করে বলে দেওয়া হয়। এআই-এর নির্দেশ মেনেই নির্দিষ্ট সময়ে ভক্তিভরে পুষ্পাঞ্জলি দেয় খুদে থেকে বড়রা।
আধুনিকতার ছোঁয়া না ঐতিহ্যে আঘাত?
পুজোয় প্রযুক্তির এই প্রবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, দীপিকা দেবীর পরিবারের মতে, প্রযুক্তির সঠিক ব্যবহার করলে সমস্যা অনেকটাই মেটানো সম্ভব। বিশেষ করে যখন সময়ের অভাবে পুজোর আচার পালনে বাধা আসে, তখন এআই-ই হয়ে উঠতে পারে বিকল্প 'মুশকিল আসান'।
আরও পড়ুন-Kolkata News Today: প্রজাতন্ত্র দিবসের আগেই কলকাতায় বড় অঘটন! রেড রোডে মহড়া চলাকালীন হুলস্থুল কাণ্ড
উত্তর ২৪ পরগনার এই ডিজিটাল পুজো এখন সোশ্যাল মিডিয়াতেও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথাগত পুরোহিতের বদলে এই 'স্মার্ট' সমাধান কি আগামী দিনে আরও জনপ্রিয় হবে? প্রশ্নটি এখন সাধারণ মানুষের মুখে মুখে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us