/indian-express-bangla/media/media_files/2025/11/15/aimim-2025-11-15-18-01-08.jpg)
বিহারে দুর্দান্ত ফল, নজর এবার বাংলায়
Bihar Election Result: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র সুনামির মধ্যেও নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে সফল হয়েছে অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। এ বছর বিহার বিধানসভায় ১১ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন, যার মধ্যে পাঁচজনই AIMIM-এর প্রার্থী। আরজেডির টিকিটে মাত্র তিন জন, কংগ্রেসের টিকিটে ২ জন এবং জেডিইউ-র টিকিটে একজন মুসলিম প্রার্থী রাজ্যে জয়ী হয়েছেন। অপরদিকে AIMIM মোট ১.৮৫% ভোট পেয়ে ৯,৩০,৫০৪টি ভোট অর্জন করেছে।
বিহারে জয়ের পর সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে AIMIM। এবার বিহার বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের দিকে আরও সুসংগঠিত নজর দিচ্ছে দল। মালদা ও মুর্শিদাবাদকে ভিত্তি করে লড়াইয়ের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। চলতি মাসেই শুরু হতে চলেছে ‘অধিকার যাত্রা’। রাজ্যের জেলায় জেলায় অনুষ্ঠিত হবে এই অধিকার যাত্রা।
আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত
AIMIM-এর রাজ্য প্রধান ইমরান সোলাঙ্কি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "বিজেপি-বিরোধী সব ছোট-বড় রাজনৈতিক দলকে এক মঞ্চে যুক্ত করার প্রচেষ্টাও চলছে। আমরা তৃণমূল কংগ্রেসকেও আহ্বান জানাচ্ছি বিজেপি বিরোধী জোটে। যদি কোনও জোট নাও হয় তাহলেও এই রাজ্যে আমাদের ৫০টি আসনে লড়াই করার পরিকল্পনা রয়েছে।"
আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে AIMIM পুরোপুরি প্রস্তুত হয়ে নামতে চলেছে বলেই জানিয়েছেন রাজ্য ইউনিটের প্রধান ইমরান সোলাঙ্কি। তিনি বলেন, "২০২৬ সালের নির্বাচনে লড়াইয়ের জন্য দল পুরোপুরি তৈরি। আমরা নানা রাজনৈতিক কর্মসূচি করছি।” ইমরান সোলাঙ্কি দাবি করেছেন, কংগ্রেস ও অন্যান্য দল থেকে একাধিক নেতারা AIMIM-এর সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। রাজ্যে সংগঠন বিস্তারের লক্ষ্যে দিন কয়েকের মধ্যে রাজ্যে আসবেন মিম প্রধান। সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমর্থন পেলে আগামী বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য আসবে বলেই মনে করছে দল।
আরও পড়ুন- এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ!
বিজেপি ভোট কাটিয়ে দল বলে অনেকেই মিমের বিরুদ্ধে অভিযোগ করে। রাজ্য মিম প্রধান বলেন, "এখন আর ওই কথা খাটে না। বরং ভোট কেটে আমাদের প্রার্থীকে হারিয়ে দিচ্ছে। তাছাড়া মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করলেও তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।"
২০২১ বিধানসভা নির্বাচনের আগে এরাজ্যে এসেছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। বৈঠক করেছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। তার আগে এআইএমএম এরাজ্যে প্রার্থী দেবে বলে রাজনৈতিক মহলে জোর প্রচার চলছিল। কিন্তু ফুরফুরা শরিফে ওই বৈঠকের পর এআইএমএম কোনও প্রার্থী দেয়নি বাংলায়। ২০২৬ বিধানসভা নির্বাচনের ময়দানে লড়াইয়ের অঙ্গীকার নিয়েছে ওয়াইসির দল। দেখার বিষয় এবার বাংলায় প্রথমবার প্রার্থী দিয়ে কতটা দাগ কাটতে পারে AIMIM।
আরও পড়ুন-চলমান SIR প্রক্রিয়ার মাঝেই BLO-দের বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি, কমিশনের বিরুদ্ধে চরম ক্ষোভ
বিহারের নির্বাচনে এনডিএ ঝড় সত্বেও ভালো ফল পাওয়ার পর বাংলা এখন পাখির চোখ AIMIM-এর। আসাদউদ্দিন ওয়াইসি নিজেও বাংলার রাজনীতির দিকে নজর রাখছেন। রাজনৈতিক মহলের প্রশ্ন, AIMIM কি পশ্চিমবঙ্গে বিজেপি-বিরোধী ভোটে ভাগ বসাবে? নাকি বিহারের মতো এখানেও নিজেদের স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে? সময়ই তার জবাব দেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us