/indian-express-bangla/media/media_files/2026/01/28/ajit-pawar-plane-crash-mamata-banerjee-alleges-foul-play-demands-supreme-court-probe-2026-01-28-14-39-56.jpg)
অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় বিস্ফোরক মন্তব্য মমতার
Mamata On Ajit pawar Death: বুধবার মহারাষ্ট্রের বারামতিতে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অজিত পাওয়ার নাকি খুব শীঘ্রই এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার কথা ভাবছিলেন। এই প্রেক্ষাপটেই তিনি বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুকে ঘিরে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
বারামতী বিমান দুর্ঘটনার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশে কেউ নিরাপদ নয় এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত করা উচিত। অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি অবাক হয়েছি যে দেশের মানুষ এমনকি রাজনৈতিক নেতারাও আজ নিরাপদ নন। দেশে রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই।"
মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। একের পর এক রাজনৈতিক নেতা শোকবার্তা জানাচ্ছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
আরও পড়ুন- ব্ল্যাক বক্সেই মৃত্যুর রহস্য লুকিয়ে? রিপোর্টের দিকেই নজর বিশেষজ্ঞদের
অজিত পাওয়ারের অকাল মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি হতবাক! এই দেশে এখন রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ কেউই নিরাপদ নন। এই দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত।” তিনি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবিও তোলেন এবং নাশকতার সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দেননি। তাঁর এই দাবিকে সমর্থন জানিয়েছেন একাধিক বিরোধী নেতা।
সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যদি তদন্তের দাবি জানান, তা সম্পূর্ণ ন্যায্য। অজিত পাওয়ার একজন হাইপ্রোফাইল নেতা ছিলেন। অতীতে একই ধরনের দুর্ঘটনায় বহু ভিআইপির মৃত্যু হয়েছে। বারবার কেন এমন ঘটনা ঘটছে, তা জানা অত্যন্ত জরুরি।” বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবও শোক প্রকাশ করে উচ্চস্তরের তদন্তের দাবি জানান।
তবে শিবসেনা (ইউবিটি) নেতা অনিল দেশাই বলেন, দুর্ঘটনার প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা জরুরি। তাঁর বক্তব্য, “কারিগরি ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটেছে কি না, তা টেকনিক্যাল তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া দরকার। শোকের সময়ে এ ধরনের মন্তব্য করা নিয়ে আমাদের কিছুটা দ্বিমত রয়েছে।”
আরও পড়ুন- আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১১, গ্রেফতার ডেকরেটর সংস্থার মালিক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, অজিত পাওয়ারের মৃত্যু রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, “রাজ্যে শোকের পরিবেশ। ব্যক্তিগত জীবনে তিনি আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধুর মতো ছিলেন। রাজ্যের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।” ফড়নবিশ জানান, তিনি উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে সঙ্গে নিয়ে বারামতি যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং তাঁরা গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বুধবার সকালে বারামতিতে অবতরণের সময় অজিত পাওয়ারকে বহনকারী একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী, উড্ডয়নের সময় বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে মেডে কল করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর দ্বিতীয়বার অবতরণের চেষ্টা চলাকালীন বিমানে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে।
এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB)। সংস্থার একটি দল শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে। পাশাপাশি, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর একটি দলও তদন্তে যুক্ত হতে পারে বলে জানা গেছে।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র তুহিন সিনহা বলেন, “শোকের সময়ে এ ধরনের মন্তব্য একেবারেই অনভিপ্রেত।”
আরও পড়ুন- বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু: দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা, তদন্ত দাবি


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us