/indian-express-bangla/media/media_files/2026/01/06/vote-2026-01-06-21-40-48.jpg)
voter list error: কমিশনের বিরুদ্ধে ক্ষোভ।
খাতায়-কলমে মৃত ঘোষণা করা হয়েছে তাঁকে, অথচ বাস্তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। নির্বাচন কমিশনের চরম গাফিলতিতে জলজ্যান্ত এক মহিলা ভোটারকে মৃত বলে ঘোষণা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি ব্লকে।
ঘটনার কেন্দ্রবিন্দু সুতি–২ ব্লকের অরঙ্গাবাদ–১ গ্রাম পঞ্চায়েত এলাকার ১১৫ নম্বর বারুইপাড়া বুথের ভোটার, ৫৫ বছর বয়সি ববিতা কুন্ডু। জানা গিয়েছে, তিনি গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। কিন্তু ২০২৫ সালের প্রকাশিত ভোটার তালিকায় হঠাৎ করেই তাঁকে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’
ভোটার তালিকায় নাম না থাকায় ববিতা কুন্ডুর কাছে পৌঁছায়নি এসআইআর (SIR) ফর্মও। ফলে ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য তাঁকে ব্লক প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে। বিডিও অফিস থেকে শুরু করে বিএলওদের কাছে একের পর এক আবেদন জানিয়েও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ।
আরও পড়ুন-কোষাগার ফাঁকা, চাকরি ছাঁটাই! শতাব্দী প্রাচীন পুরসভায় অচলাবস্থা চরমে
জীবিত থাকা সত্ত্বেও কেন তাঁকে মৃত বলে ঘোষণা করা হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশন বা প্রশাসনের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এই অজ্ঞাত কারণেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় শুধু প্রশাসনিক দুর্ভোগ নয়, মানসিক আতঙ্কেও ভুগছেন ববিতা কুন্ডু ও তাঁর পরিবার।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, নির্বাচন কমিশন, বিএলও নাকি ব্লক প্রশাসনের গাফিলতির ফলেই কি এমন গুরুতর ভুল? একজন জীবিত নাগরিককে মৃত ঘোষণা করার দায়ভার কার?
নির্বাচন কমিশনের এমন খামখেয়ালি সিদ্ধান্তে সাধারণ ভোটারদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত এই ভুল সংশোধন করে ববিতা কুন্ডুর ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তৃণমূল কংগ্রেস দাবি করে আসছে বহু জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ভোটার তালিকা দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে ঘাসফুল শিবির। যদিও বিজেপির স্পষ্ট দাবি, ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। তাঁদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। এদিকে ২০০২ ভোটার তালিকাকে (2002 voter list ) ভিত্তি করে এরাজ্যে নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাচ্ছে কমিশন। এখন শুনানি পর্যায় চলছে রাজ্য জুড়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us