/indian-express-bangla/media/media_files/2026/01/08/amartya-sen-voter-list-sir-notice-election-commission-controversy-2026-01-08-09-27-29.jpg)
অমর্ত্য সেন নোটিস পেতেই বিস্ফোরক সুকান্ত
Amartya Sen: নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার আওতায় নির্বাচন কমিশনের তরফে একটি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সংশ্লিষ্ট বিএলও শান্তিনিকেতনের প্রতীচী বাড়িতে গিয়ে ওই নোটিশ পৌঁছে দেন। নোটিশে অমর্ত্য সেনের বয়স সংক্রান্ত তথ্য নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করা হয়েছে। কমিশনের দাবি, তাঁর জমা দেওয়া ফর্ম অনুযায়ী অমর্ত্য সেন ও তাঁর মায়ের বয়সের পার্থক্য মাত্র ১৫ বছর, যা সাধারণভাবে প্রত্যাশিত নয়। এই কারণেই ভোটার তালিকা সংক্রান্ত নথি যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।
অমর্ত্য সেনের আত্মীয় শান্তভানু সেন জানিয়েছেন, বুধবার বিএলও সোমব্রত মুখার্জি আরও দু’জনকে সঙ্গে নিয়ে প্রতীচীতে যান। আইনি পরামর্শ নেওয়ার পর নোটিশটি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। নোটিশে উল্লেখ করা হয়েছে, অমর্ত্য সেন একজন এনআরআই এবং তাঁর SIR ফর্মে কিছু তথ্যগত অসঙ্গতি রয়েছে। সেই কারণে এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ১৬ জানুয়ারি দুপুর ১২টায় প্রতীচীতেই শুনানির দিন ধার্য করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র হাজির করতে বলা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে ‘হয়রানির’ অভিযোগ উঠেছে অমর্ত্য সেনের পরিবার ও ঘনিষ্ঠ মহলে। তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর একদিন আগেই তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে অমর্ত্য সেনের বাড়িতে এসআইআর শুনানি সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার (CEO) দফতর সেই দাবি খারিজ করে জানিয়েছিল, অমর্ত্য সেনের বাড়িতে কোনও নোটিশ পাঠানো হয়নি।
নোটিশের খবর প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া জানানো হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর বক্তব্য যে তথ্যপ্রমাণ-ভিত্তিক ছিল, তা এবার স্পষ্ট হয়ে গেল। তাঁর অভিযোগ, কমিশন ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হয়েছে।
জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?
পরিবারের তরফে আরও জানানো হয়েছে, বোলপুরের ২ নম্বর ওয়ার্ডের ভোটার অমর্ত্য সেন কাজের সূত্রে বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন। এই প্রেক্ষাপটে নোটিশ পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে শান্তভানু সেন বলেন, “অমর্ত্য সেন কে, তা সবাই জানে। একজন প্রবীণ মানুষকে অযথা হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলেই নোটিশ গ্রহণ করেছি।”
এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে SIR-এর নোটিস জারিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে । শান্তিনিকেতনে তাঁর বাসভবনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দু’জন আধিকারিক পাঠানো এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত নোটিস দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের দাবি, যেহেতু অমর্ত্য সেন বর্তমানে আমেরিকার নাগরিক, তাই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তাঁর নাম থাকা উচিত নয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "অর্মত্য সেনের নাম কী করে ভোটার তালিকায় এল তা নিয়েই আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে ৷ আমি যতদূর জানি, অমর্ত্য সেনের কাাছে আমেরিকার নাগরিকত্ব আছে ৷ স্বাভাবিকভাবে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত ৷ এখনও কেন আছে সেটা আমার জানা নেই ৷" নির্বাচন কমিশনের নোটিস প্রসঙ্গে তিনি জানান, আইন অনুযায়ী নাগরিকত্বের ভিত্তিতেই ভোটাধিকার নির্ধারিত হয়।
Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’
১৯৩৩ সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করা অমর্ত্য সেন দীর্ঘদিন ধরেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে নথিভুক্ত। উল্লেখ্য, ১৯৯৯ সালে বিজেপি নেতৃত্বাধীন অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে অমর্ত্য সেনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করা হয়। তবে পরবর্তী সময়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা শুরু করার পর থেকেই গেরুয়া শিবিরের একাংশের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে।
নির্বাচন কমিশনের নোটিসকে কেন্দ্র করে শাসক তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বুদ্ধিজীবীকে এইভাবে নোটিস পাঠানো আসলে বাংলার মানুষকেই অপমান করার শামিল। পুরো বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us