/indian-express-bangla/media/media_files/2025/12/30/amit-shah-bengal-visit-2025-12-30-17-18-09.jpg)
অমিত শাহ
তিন দিনের বঙ্গ সফরে এসে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ভয় ও দুর্নীতি এখন বাংলার পরিচয়ে পরিণত হয়েছে।” অবৈধ অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা, নারীদের নিরাপত্তা এবং দুর্নীতির একাধিক ইস্যুতে তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন।
অমিত শাহর দাবি, আগামী বছরের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিই সরকার গঠন করবে। তাঁর কথায়, “আমি আগেই বলেছি, আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ব এটাই আমাদের লক্ষ্য।” তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বিজেপি একাধিক রাজ্যে সরকার গঠন করেছে এবং নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গত দু’বছর দলের জন্য ইতিবাচক সময়। “বিজেপির কাছে বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানেও আমরা সরকার গঠন করব,” বলেন শাহ। তবে এবার আর সংখ্যাতত্বের কথা বলেননি শাহ।
আরও পড়ুন- হাওড়া–শিয়ালদহ শাখায় বড় বদল! ১ জানুয়ারি থেকে বদলাচ্ছে লোকাল ট্রেনের টাইম টেবিল
কিভাবে ধাপে ধাপে এরাজ্যে পদ্মশিবির ক্ষমতায় আসতে চলেছে সেই ব্যাখ্যাও দিয়েছেন এককালের বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিনের ভাষণে অমিত শাহ ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বাংলায় বিজেপির ভোট শতাংশ ও আসন বৃদ্ধির পরিসংখ্যানও তুলে ধরেন। তিনি জানান, ২০১৪ সালে বিজেপি ১৭ শতাংশ ভোট পেয়ে ২টি আসন পেয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ছিল ১০ শতাংশ ভোট ও ৩টি আসন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোট বেড়ে হয় ৪১ শতাংশ এবং আসন ১৮টি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩৮ শতাংশ ভোট ও ৭৭টি আসন। ২০২৪ সালের লোকসভায় ভোট ছিল ৩৯ শতাংশ এবং আসন ১২টি। এই ধারাবাহিক ভোটের শতাংশ বৃদ্ধির ভিত্তিতেই শাহের দাবি, ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি।
আরও পড়ুন-SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার
এর আগে ২০২৪ সালে বাংলা থেকে ৩৫টির বেশি লোকসভা আসন জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন অমিত শাহ। যদিও মাত্র ১২ আসন নিয়েই বিজেপির জয়রথ সেবার থমকে যায়। তার আগে ২০২১-এর বিধান সভা নির্বাচনে ২০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেও ৭৭ আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে বঙ্গ বিজেপিকে। যদিও এনিয়ে বারে বারে তৃণমূল নেতৃত্বের ব্যাঙ্গ বিদ্রুপের মুখে পড়েছে গেরুয়া শিবির। এবার আর সংখ্যার লক্ষ্যমাত্রায় হাঁটলেন না শাহ। দুবার ধাক্কা হয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আসন ভিত্তিক পরিসংখ্যানে না গিয়ে দুই-তৃতীয়াংশ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। যদিও এদিন শাহের মন্তব্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। । দলের শীর্ষ নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “অমিত শাহ ফাঁকা দাবি করছেন। বিজেপি বিধানসভা নির্বাচনে ৫০ আসনের গণ্ডিও পার করতে পারবে না।” তাঁর দাবি, ২০২৬ সালের নির্বাচনে বিজেপিকে ভরাডুবির মুখে পড়তে হবে এবং রাজ্যের মানুষ সেই রায়ই দেবেন।
এদিন নারী নিরাপত্তা ইস্যুতেও তৃণমূল সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, “সরকারিভাবে বলা হয়েছে, সন্ধ্যা ৭টার পর মহিলারা বাড়ির বাইরে বেরোবেন না। আমরা কোন যুগে বাস করছি? এটা কি মুঘল যুগ?” তিনি আরও বলেন, “এটা স্বাধীন ভারত। মহিলারা যখন খুশি নিরাপদে বাইরে বেরোতে পারেন। এটা তাঁদের সাংবিধানিক অধিকার। এই ন্যূনতম নিরাপত্তা দিতে রাজ্য সরকার ব্যর্থ।”শাহের এই মন্তব্যের পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের বরিষ্ঠ নেতা ও মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, “অমিত শাহ দুর্গাপুজো বা বড়দিনের সময় বাংলায় এসে দেখুন, কীভাবে হাজার হাজার মহিলা নিরাপদে রাস্তায় বেরিয়ে উৎসবে অংশ নেন।” তাঁর দাবি, কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে রাজ্য প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।শশী পাঁজা আরও অভিযোগ করেন, নারী নিরাপত্তা নিয়ে বিজেপির নৈতিক অধিকার নেই। তাঁর কথায়, “বিলকিস বানোর ধর্ষকদের বিজেপির কর্মীরাই মালা পরিয়েছে। কুলদীপ সেঙ্গার ও ব্রিজভূষণ শরণ সিংয়ের মতো অভিযুক্তদের আপনার দলই আড়াল করেছে। তাই অমিত শাহের নারী নিরাপত্তা নিয়ে ভাষণ দেওয়া উচিত নয়।” তিনি আরও বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ‘অপরাজিতা বিল’ পাশের পথে কেন্দ্রের বিজেপি সরকারই বাধা সৃষ্টি করেছে।
আরও পড়ুন-Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস
তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারও শাহের বক্তব্যের সমালোচনা করে বলেন, বিজেপি কখনওই ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে না এই দাবি বাস্তবের সঙ্গে সঙ্গতিহীন। তাঁর বক্তব্য, “২০১৯ ও ২০২৪ দুই নির্বাচনেই বিজেপি মন্দির-মসজিদ রাজনীতি করেছে। এই বিভাজনের রাজনীতি আবারও বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us