/indian-express-bangla/media/media_files/2026/01/27/fire-2026-01-27-11-54-39.jpg)
Kolkata Fire Tragedy: আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৮।
দক্ষিণ কলকাতার আনন্দপুরে খাবারের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮-এ। ঘটনার ভয়াবহতা এতটাই যে, ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মঙ্গলবার সকাল পর্যন্ত পুরোপুরি নেভেনি আগুন। ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক দগ্ধ কঙ্কালসার দেহ। মর্মান্তিক এই ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।
এখনও জ্বলছে ধিকিধিকি আগুন, নিখোঁজ অনেকে
মঙ্গলবার সকাল ৬টাতেও গুদামের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। দমকলের ৫টি ইঞ্জিন এবং আর্থ মুভার দিয়ে আগুন নেভানো ও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। দমকলকর্মীরা জলের ফোয়ারা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে দাবি, এখনও প্রায় ২৫ জন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা
পুলিশ ও দমকল সূত্রে খবর, উদ্ধার হওয়া দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে তা দেখে চেনার উপায় নেই। মূলত হাড়গোড় ও কঙ্কাল উদ্ধার হচ্ছে। মৃতদের পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করা হচ্ছে। ডিএনএ রিপোর্টের ভিত্তিতে শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলেই দেহাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/27/bjp-2026-01-27-12-04-56.jpg)
মন্ত্রীর ভিজিট ও রাজনৈতিক উত্তাপ
মঙ্গলবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। খেয়াদহ ২ নম্বর পঞ্চায়েতের ৩ নম্বর মণ্ডলের বিজেপি নেতৃত্বের তরফে মন্ত্রীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। বিজেপির অভিযোগ, জলাজমি অবৈধভাবে ভরাট করে ওই এলাকায় গুদামটি তৈরি হয়েছিল। প্রশাসনের নাকের ডগাতেই এই অনিয়ম চলেছে। অবিলম্বে এলাকার সমস্ত অবৈধ গুদাম ভেঙে ফেলার এবং মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। মন্ত্রী অবশ্য ঘটনাস্থল ঘুরে দেখেন এবং দমকলের ডিজির সঙ্গে কথা বলেন। আজই ঘটনাস্থলে ফরেনসিক টিমের যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন-Akhilesh Yadav: “ইডি পারেনি, বিজেপিও পারবে না! বাংলায় ফের দিদিই ফিরছেন”, ভবিষ্যদ্বাণী অখিলেশের
এদিন সকালেই দুর্ঘটনাস্থলে যান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জানা গিয়েছে, ওই কারখানায় ময়না এলাকার বহু শ্রমিক কাজ করতেন। তাঁদের খোঁজখবর নিতে এবং উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলতে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সব মিলিয়ে, আনন্দপুরের আকাশ এখনও কালো ধোঁয়ায় আচ্ছন্ন, আর নিচে স্বজনহারাদের কান্নার রোল ও রাজনৈতিক চাপানউতোর।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us