/indian-express-bangla/media/media_files/2025/01/09/CBF7JvTT9ozUtGIcku8h.jpg)
ভোটের আগে বড় চমক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় রাজনৈতিক চমক দিল তৃণমূল কংগ্রেস। ভোটের ঠিক আগে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি।
দলে যোগ দিয়ে অরুণা মার্ডি জানান, আদিবাসী সমাজের নারীদের উন্নয়নে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের ব্যানারে থেকে আদিবাসী, তপশিলি জাতি (এসসি), তপশিলি উপজাতি (এসটি) এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চান বলে স্পষ্ট করেন তিনি।
যোগদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরুণা মার্ডি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও কাজ তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। “দিদির কাজ আমার খুব ভালো লাগে। তাঁদের নেতৃত্বেই অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি,” বলেন তিনি।
আরও পড়ুন- SIR: নবান্ন-কমিশন ফের মুখোমুখি: তিন IAS-এর বদলি বাতিলের কড়া নির্দেশ দিল্লির
নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে অরুণা মার্ডি জানান, আগে তিনি সিপিআই(এম)-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন মহিলা সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করেছেন। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গেও কাজ করলেও সেখানে তাঁকে কোনও দায়িত্ব বা ভূমিকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অরুণা মার্ডি। তাঁর বক্তব্য, সমাজের বহু মহিলা এখনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাঁদের পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক লক্ষ্য।
/indian-express-bangla/media/post_attachments/5671ff1b-eb9.jpg)
স্বামী খগেন মুর্মুর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য নিয়ে নাম না করেই অরুণা মার্ডি বলেন, প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক মতামত থাকতে পারে। “তিনি বিজেপিতে আছেন, সেটাও তাঁর সিদ্ধান্ত। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ পছন্দ করি এবং নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করব,” বলেন তিনি। একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলে থাকা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন অরুণা মার্ডি। এমনকি ভবিষ্যতে প্রয়োজন মনে করলে খগেন মুর্মুও দল পরিবর্তনের কথা ভাবতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।
অন্যদিকে, স্ত্রীর তৃণমূলে যোগদানের খবর পেয়েই দিল্লি থেকে পাল্টা প্রতিক্রিয়া দেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি দাবি করেন, “ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টাতেই তৃণমূল এসব করছে।”
আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us