/indian-express-bangla/media/media_files/2026/01/12/bangladesh-balloon-lands-in-assam-cachar-probe-2026-01-12-10-21-52.jpg)
ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন
ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন। রবিবার অসমের কাছাড় জেলায় বাংলাদেশি বেলুনের দেখা মিলতেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার একটি হাই স্কুলের নাম লেখা ছিল।
আরও পড়ুন-IPAC কাণ্ডে মমতাকে তুলোধোনা, সুর চড়ালেন অসমের মুখ্যমন্ত্রী
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অস্বাভাবিকভাবে বড় আকারের ওই বেলুনটিকে একটি কৃষিজমিতে পড়ে থাকতে দেখে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পৌঁছনোর আগেই সেখানে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলুনটির গায়ে শুধু স্কুলের নামই নয়, তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু তথ্যও ছিল। কীভাবে ওই বেলুনটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অসমে এসে পৌঁছাল এবং এর সঙ্গে কোনও নিরাপত্তা সংক্রান্ত বিষয় জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে প্রজাতন্ত্র দিবসের আগে রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি ও পুঞ্চ জেলার আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এলাকায় একাধিক সন্দেহজনক ড্রোনের দেখা মিলতেই তৎপর হয় ভারতীয় সেনা। সেনা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, ড্রোনগুলি পাকিস্তানের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কয়েক মিনিট চক্কর খাওয়ার করার পর আবার ফিরে যায়। এই ঘটনার পরই সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।
আরও পড়ুন-ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?
রাজৌরি জেলার নওশেরা সেক্টরের এলওসি সংলগ্ন এলাকায় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ মিনিট নাগাদ ড্রোনের দেখা মেলে। ড্রোনটি নজরে আসতেই সেনাবাহিনীর জওয়ানরা সেটিকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গিয়েছে।একই সময়ে রাজৌরি জেলাতেও আরেকটি ড্রোনের দেখা মেলে। নিরাপত্তা বাহিনী সূত্রে দাবি, ড্রোনটির আলো দেখে সেটিকে শনাক্ত করা হয়।
অন্যদিকে, সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরের উপর দিয়ে কয়েক মিনিট ধরে একটি ড্রোনের মতো উড়ন্ত বস্তু ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়। এর আগেই সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলার মানকোট সেক্টরের এলওসি সংলগ্ন এলাকায় আরেকটি ড্রোনের মতো বস্তুর দেখা মেলে।
উল্লেখ্য এর আগে শুক্রবার রাতে সাম্বা জেলাতেও ড্রোন থেকে ফেলে দেওয়া অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। কর্মকর্তাদের দাবি, ওই ড্রোনটিও পাকিস্তান থেকে এসেছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং একটি গ্রেনেড।
ড্রোনের লাগাতার তৎপরতার জেরে সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us