/indian-express-bangla/media/media_files/2025/09/04/burdwan-deadbody-found-2025-09-04-11-29-38.jpg)
প্রতীকী ছবি
Hindu killing in Bangladesh: বাংলাদেশে যখন একদিকে চলছে সাধারণ নির্বাচন। তখনই ফের নতুন করে উত্তেজনা ছড়ালো পদ্মাপাড়ে। মৌলভী বাজার এলাকার একটি চা বাগান থেকে উদ্ধার করা হল ২৮ বছর বয়সী হিন্দু যুবক রতন সাহুকারের ক্ষতবিক্ষত মৃত দেহ। জানা গিয়েছে তিনি সেই বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা গিয়েছে তার হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল এবং শরীরে গভীর ক্ষত ছিল। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং সহকর্মীরা জানান, রতনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছে এবং তারা এটিকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ড রাজনৈতিক হিংসা নাকি ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ৬২ বছর বয়সী হিন্দু ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকারকে তার নিজের দোকানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। হামলাকারীরা তাকে দোকানের ভেতরে ফেলে রেখে শাটার বন্ধ করে দেয়। পরে তার পরিবার তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য গত ডিসেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা বেড়েছে। শরীফ ওসমান হাদির হত্যার পর থেকে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ৫১টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে একাধিক সংবাদ মাধ্যমের দাবি।
গত কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। নরসিংদী জেলায় একটি গ্যারেজে ঘুমন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দোষীদের খোঁজে চলছে তল্লাশি। এছাড়াও রাজবাড়ী জেলায় একজন হিন্দু পেট্রোল পাম্প কর্মচারীকে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, একজন গ্রাহক টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিল এবং তার গাড়িটি কর্মচারীকে চাপা দিয়ে চলে যায়। পুলিশ গাড়ির মালিক ও চালককে গ্রেপ্তার করেছে, তবে ঘটনার সাম্প্রদায়িক দিকটি এখনও তদন্তাধীন।
আরও পড়ুন- ইউনূস জমানা শেষ! শুরু ভোটগ্রহণ,পদ্মাপাড়ের নির্বাচনে কড়া নজর ভারতের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us