/indian-express-bangla/media/media_files/2025/12/23/bangladesh-2025-12-23-12-51-25.jpg)
Bangladesh political unrest: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা (ফাইল ছবি)।
‘অনিবার্য কারণ’-এর উল্লেখ করে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে সাময়িকভাবে সমস্ত কনস্যুলার ও ভিসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ হাই কমিশনের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই ঘটনার পরপরই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ঢাকায় বিদেশ মন্ত্রকে তলব করা হয়। বৈঠকে তাঁকে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলির কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জানাতে বলা হয় বলে সূত্রের খবর।
আরও পড়ুন- Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী
সময়মতো নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে আশ্বাস মহম্মদ ইউনূসের
এর মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে নেওয়ার জন্য সরকার প্রস্তুত।
আরও পড়ুন- SIR: ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা? শুনানিতে ডাক পড়ছে কাদের জানেন?
খুলনায় এনসিপি নেতাকে গুলি, রাজনৈতিক উত্তেজনা
এদিকে সোমবার খুলনায় জাতীয় নাগরিক পার্টি (NCP)-র শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদার (৪২)-কে গুলি করা হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে জানা গিয়েছে। হিংসার দায় অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপালেন শেখ হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিংসা ও আইনশৃঙ্খলার অবনতির জন্য মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন।
ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর প্রতিক্রিয়া জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমার সরকারকে উৎখাত করার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ইউনূস সরকারের আমলে তা আরও বেড়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “হিংসা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকার হয় বাস্তবতা অস্বীকার করছে, নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।”
দেশজুড়ে অশান্তি, রাষ্ট্রীয় শোক ঘোষণা
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর ছাত্রনেতা শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর থেকেই বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়িয়েছে। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার-এর দফতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি শেখ হাসিনা সরকারের এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতেও হামলার অভিযোগ ওঠে।
আরও পড়ুন- Sundarbans: পরিবেশ বনাম প্রভাবশালী! সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগে সরব বিরোধীরা
এছাড়া, চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে। ৩২ বছর বয়সি শরিফ ওসমান হাদি ছিলেন ছাত্রনেতৃত্বাধীন সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়।
উল্লেখ্য, গত বছর ছাত্র আন্দোলনের জেরেই ৫ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লিগের সরকার ক্ষমতাচ্যুত হয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us