/indian-express-bangla/media/media_files/2026/02/04/pic-2026-02-04-11-09-09.jpg)
Banglar Bari Scheme Urban: প্রতীকী ছবি।
গ্রামের সীমানা ছাড়িয়ে এবার শহরের বুকেও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য পাকা বাড়ির স্বপ্নপূরণ করছে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় এবার জোরকদমে শুরু হচ্ছে 'বাংলার বাড়ি' প্রকল্পের কাজ। প্রশাসন সূত্রে খবর, শহরাঞ্চলে আরও নতুন করে প্রায় দেড় লক্ষ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে আসরে নেমেছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনস্থ 'স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি' (SUDA)।
শহরে বাড়ি পিছু কত টাকা মিলবে?
গ্রামাঞ্চলে 'বাংলার বাড়ি' প্রকল্পে উপভোক্তারা ১ লক্ষ ২০ হাজার টাকা পেলেও, শহরাঞ্চলের ক্ষেত্রে এই অংকটা অনেকটাই বেশি।শহরে বাড়ি তৈরির জন্য একজন উপভোক্তা মোট ৩ লক্ষ ৪৩ হাজার টাকা সরকারি অনুদান পাবেন। এর মধ্যে রাজ্য সরকার দেবে ১ লক্ষ ৯৩ হাজার টাকা এবং কেন্দ্রীয় সরকার দেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা। বাড়ি তৈরির মোট খরচে উপভোক্তাকে মাত্র ২৫ হাজার টাকা বহন করতে হবে। আবেদনকারীর নিজস্ব অন্তত ৩৫০ বর্গফুট জমি থাকতে হবে।
বাছাই প্রক্রিয়ায় কড়াকড়ি ও ওটিপি (OTP) যাচাই
ভুয়ো আবেদন রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবার যাচাই প্রক্রিয়ায় প্রযুক্তিগত কড়াকড়ি আনছে সরকার।
আরও পড়ুন-Humayun Kabir: মাটিতে পা পড়বে না নেতার! ভোটের প্রচারে শুধুই হেলিকপ্টারে উড়বেন হুমায়ুন কবীর
আধার-ব্যাঙ্ক লিঙ্ক:
আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি (Link) থাকা বাধ্যতামূলক।
ডিজিটাল ভেরিফিকেশন:
মোবাইল নম্বর, আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই তিনটি তথ্য একই ব্যক্তির কি না, তা যাচাই করা হবে। মোবাইলে ওটিপি (OTP) প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরেই মিলবে অনুমোদন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 'শহর আবাস যোজনা'র অধীনে ইতিমধ্যেই রাজ্যে ৩ লক্ষ ৪৩ হাজার বাড়ি তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে আরও ১ লক্ষ ৪০ হাজার বাড়ি নির্মাণাধীন। এর মাঝেই নতুন করে দেড় লক্ষ উপভোক্তা বাছতে তৎপরতা শুরু করল রাজ্য। বিধানসভা ভোটের আগে শহরের গরিব মানুষদের মাথার ওপর ছাদ নিশ্চিত করতে সরকার যে বদ্ধপরিকর, তা এই পদক্ষেপে স্পষ্ট।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us