/indian-express-bangla/media/media_files/2025/12/31/old-2025-12-31-08-02-06.jpg)
Bengal cold wave: ছবিটি AI প্রযুক্তি দ্বারা নির্মিত।
New Year weather Bengal: শীতের প্রবল স্রোত বয়ে যাচ্ছে গোটা বাংলা জুড়ে। কলকাতা থেকে শুরু করে জেলা, সর্বত্রই মারকাটারি ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। মঙ্গলবার কলকাতায় রেকর্ড হয়েছে চলতি মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বছরের শেষ দিনেও শীতের দাপট অব্যাহত রাজ্যজুড়ে।
গতকাল মঙ্গলবার কলকাতায় ছিল এই মরসুমের সবচেয়ে শীতল দিন। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার, অর্থাৎ বছরের শেষ দিনেও তীব্র ঠান্ডায় কাঁপছে তিলোত্তমা।
নতুন বছরের শুরুতেও ঠান্ডার দাপট
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। অর্থাৎ নতুন বছরের শুরুর দিকেও জেলায় জেলায় বইবে শীতের সুনামি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বীরভূমে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হতে পারে।
এই সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা
আবহাওয়া পরিস্থিতির জেরে আজ রাতেই দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সান্দাকফুর পাশাপাশি সিকিমের একাধিক এলাকাতেও তুষারপাত হতে পারে।
আরও পড়ুন-বাংলায় বিজেপি সরকারের শপথগ্রহণের দিনক্ষণ স্থির, শাহের বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ণ
কবে বাড়বে তাপমাত্রা?
আপাতত আগামী ৪৮ ঘণ্টা রাজ্যজুড়ে এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিন দিন পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ার গতি কিছুটা কমতে পারে। নতুন বছরের শুরুর কয়েক দিন পর থেকেই ঠান্ডার দাপট কিছুটা কমার ইঙ্গিত মিলছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us