/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-dgp-legal-row-rajeev-kumar-farewell-uncertainty-2026-01-30-10-49-41.jpg)
দীর্ঘ পুলিশি জীবন থেকে বিদায় রাজীব কুমারের
রাজ্যের পরবর্তী ডিজিপি কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। আইনি জটিলতার মধ্যেই রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। বিদায় উপলক্ষে আয়োজিত প্যারেডে তিনি পুলিশের কর্তব্য, সাহস এবং আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন।
রাজীব কুমার রাজ্যের অন্যতম পরিচিত ও আলোচিত আইপিএস অফিসার। ২০১৯ সালে সারদা মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর ঘটনায় তিনি জাতীয় স্তরে পরিচিতি পান। বিদায়ী ভাষণে তিনি বলেন, সাহস ছাড়া কোনও পুলিশ বাহিনী হতে পারে না। কর্তব্য পালন করতে গিয়ে প্রয়োজনে প্রাণ দিতেও পুলিশ প্রস্তুত এই সাহসই পুলিশের আসল শক্তি।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল একটি রাজ্য। বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে সীমান্তবর্তী হওয়ায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় রাজ্য পুলিশকে। সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে কী বলা হচ্ছে, তার চেয়ে মাঠে পুলিশের কাজই শেষ কথা বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন- বলিউড কাঁপানোর আগে কংগ্রেসের মঞ্চই ছিল পছন্দের? অরিজিৎ সিং সম্পর্কে গোপন তথ্য ফাঁস অধীরের!
নকশাল দমন, দুর্গাপুজো, গঙ্গাসাগর মেলার মতো বিশাল আয়োজনের নিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে রাজীব কুমার বলেন, এত বড় পরিসরে আইনশৃঙ্খলা বজায় রাখা সহজ নয়। হোম গার্ড, সিভিক ভলান্টিয়ার ও সিনিয়র অফিসারদের অবদানের প্রশংসাও করেন তিনি।
এদিকে রাজীব কুমারের বিদায়ের কিছুক্ষণের মধ্যেই ডিজিপি নিয়োগ সংক্রান্ত আইনি লড়াই নতুন মোড় নেয়। দিল্লি হাইকোর্ট ইউপিএসসির করা আবেদনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (CAT)-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে ইউপিএসসি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।
অন্যদিকে, আইপিএস অফিসার রাজেশ কুমার শুক্রবার (৩০ জানুয়ারি) CAT-এ তাঁর করা অবমাননার মামলার শুনানির জন্য আবেদন করবেন। তাঁর দাবি, ৩১ জানুয়ারির মধ্যেই ইউপিএসসিকে ডিজিপি পদের জন্য এমপ্যানেলমেন্ট চূড়ান্ত করতে হবে। উল্লেখ্য, ২১ জানুয়ারি রাজ্য সরকার যে নামের প্যানেল ইউপিএসসিকে পাঠিয়েছে, তাতে রাজীব কুমারের নামও রয়েছে।
ডিজিপি নিয়োগকে ঘিরে এই আইনি সংঘাতের কেন্দ্রে রয়েছে সুপ্রিম কোর্টের প্রকাশ সিং মামলার নির্দেশিকা। ইউপিএসসির দাবি, CAT-এর অন্তর্বর্তী নির্দেশ কার্যত চূড়ান্ত রায়ের সমান, যা সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরিপন্থী। এই বিতর্ক আরও জটিল হয়েছে কারণ রাজীব কুমার, রাজেশ কুমার ও রণবীর কুমার তিনজন সিনিয়র আইপিএস অফিসারেরই অবসর নির্ধারিত ৩১ জানুয়ারি। এই পরিস্থিতিতে রাজ্যের নতুন ডিজিপি কে হবেন, তা নিয়ে জল্পনা ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
আরও পড়ুন- বৃষ্টির দাপটে ফের কি বঙ্গে শেষবেলায় সক্রিয় হবে শীত? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us