/indian-express-bangla/media/media_files/2026/01/22/tmc-bjp-clash-sir-hearing-districts-west-bengal-supreme-court-order-2026-01-22-14-21-38.jpg)
রাজ্যে ফের মৃত্যু BLO-র
পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে চাপের মধ্যেই ফের মর্মান্তিক ঘটনা। শিলিগুড়িতে দায়িত্বপ্রাপ্ত এক বুথ লেভেল অফিসার (BLO)-এর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলায়। মৃতের নাম শ্রবণ কুমার কাহার (৪৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় সেবকের করোনেশন ব্রিজ সংলগ্ন তিস্তা নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।
জানা গিয়েছে, শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের ধর্মনগরের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন স্কুলশিক্ষক হলেও নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে চলা SIR প্রক্রিয়ার কাজের চাপ নিয়েই তিনি চরম মানসিক চাপে ছিলেন বলে দাবি পরিবারের ঘনিষ্ঠ ও সহকর্মীদের।
ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছুটে যান শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা গৌতম দেব সহ দলের অন্যান্য নেতৃত্ব। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক জানান, শ্রবণ কুমার কাহার তাঁর ঘনিষ্ঠ মহলে একাধিকবার বলেছেন যে SIR-এর কাজের চাপ তিনি সামলাতে পারছেন না। তাঁর দাবি, যাচাই প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে প্রবল মানসিক চাপে ভুগছিলেন ওই BLO।
এই মৃত্যুর ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে মানুষের হয়রানি ও চাপের অভিযোগ তুলে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যেই এই মৃত্যুর খবর জানানো হয়েছে।
SIR প্রক্রিয়া ঘিরে একের পর এক অভিযোগ ও মৃত্যুর ঘটনার দাবি সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন- বলিউড কাঁপানোর আগে কংগ্রেসের মঞ্চই ছিল পছন্দের? অরিজিৎ সিং সম্পর্কে গোপন তথ্য ফাঁস অধীরের!
আরও পড়ুন-SIR শুনানিতে ডাকা মানেই কি নাম বাদ? তুঙ্গে জল্পনা, আসল 'সত্যি'টা জানালেন অধীর চৌধুরী
আরও পড়ুন-বিশ্বের বিরলতম প্রাণী এখন আমাদের বক্সায়! গোপন ক্যামেরায় ধরা দিল কোন রহস্যময় অতিথি?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us