/indian-express-bangla/media/media_files/2025/12/28/abhishek-banerjee-criticizes-eci-bjp-over-sir-bengal-2025-12-28-09-59-56.jpg)
'মানুষের আবেগ নিয়ে খেলছে বিজেপি'
তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, “বাংলা কি অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গরাজ্য? নির্বাচন কমিশন এখনও অনেক প্রশ্নের উত্তর দেয়নি।” একই সঙ্গে তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি দিল্লি গিয়ে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এক মাস আগে নির্বাচন কমিশনের কাছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল, কিন্তু এখনও তার কোনও সদুত্তর মেলেনি। তাঁর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছে এবং বিজেপির রাজনৈতিক লক্ষ্য পূরণে কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে “যৌক্তিক অসঙ্গতি” দেখিয়ে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ না করা হয়, তাহলে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে।
মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, “আপনি বিজেপির কমিশনার নন। হয় ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে, নয়তো প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।” তাঁর দাবি, বিএলও-দের মাধ্যমে সংগৃহীত বিপুল তথ্য যাচাই না করেই একদিনে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে ‘যৌক্তিক অসঙ্গতি’র তকমা দেওয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনের আইটি বিভাগের আধিকারিক সীমা খান্নার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, তাঁর কাছে সংশ্লিষ্ট চ্যাটের প্রমাণ রয়েছে। এই বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা হবে বলেও জানান অভিষেক।
SIR প্রক্রিয়ার চাপে ব্লক লেভেল অফিসারদের (BLO) উপর অতিরিক্ত চাপ পড়ছে বলেও অভিযোগ তোলেন তিনি। অভিষেকের দাবি, গত দুই মাসে এই প্রক্রিয়ার চাপ সহ্য করতে না পেরে অন্তত পাঁচজন BLO-র মৃত্যু হয়েছে এবং ২৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি বলেন, এই মৃত্যুগুলির জন্য নির্বাচন কমিশনের অপরিকল্পিত ও তাড়াহুড়ো করে চালানো SIR প্রক্রিয়াই দায়ী।
বিজেপির ‘এক কোটি অনুপ্রবেশকারী’ দাবি নিয়েও তীব্র প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, যদি SIR-এর উদ্দেশ্য অবৈধ অভিবাসী চিহ্নিত করা হয়, তাহলে ৫৮ লক্ষ বাদ পড়া নামের মধ্যে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা, তার বিস্তারিত তথ্য কেন প্রকাশ করা হচ্ছে না। পাশাপাশি তিনি জানতে চান, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মেঘালয় বা ত্রিপুরার মতো রাজ্যে কেন একই ধরনের SIR হয়নি। তাঁর অভিযোগ, বাংলাকেই বিশেষভাবে টার্গেট করা হচ্ছে।
বাংলাদেশ ইস্যুতেও বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “যারা নিজেদের হিন্দুত্বের রক্ষক বলে দাবি করে, তারা প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় কোথায় থাকে?” অভিষেকের অভিযোগ, বিজেপি ধর্ম ও জাতির নামে রাজনীতি করে মানুষের আবেগ নিয়ে খেলছে এবং দেশের প্রকৃত সমস্যা ও উন্নয়নের প্রতি তাদের কোনও আগ্রহ নেই।
আরও পড়ুন- তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তারেক রহমান, মধ্যরাতেই চিকিৎসকদের প্রেস ব্রিফিং, কেমন আছেন খালেদা জিয়া?
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us