/indian-express-bangla/media/media_files/2025/11/19/bingol-panchayat-building-saffron-paint-controversy-harishchandrapur-2025-11-19-18-09-48.jpg)
SIR-এর মাঝেই পঞ্চায়েতের 'রঙ বদল'
এ যেন রং বদলের খেলা। নীল সাদা রং মুছে ফেলে রাতারাতি গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হল পঞ্চায়েত ভবনকে। আর এই বিষয়টি ঘিরেই চাঁচল মহাকুমার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত এলাকার জুড়েই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনীতি করতেই মহাজোটের পঞ্চায়েত কর্তৃপক্ষ রাজ্য সরকারের নীল সাদা রঙ মুছে, গেরুয়া রঙ করেছে । যাতে এলাকায় রাজনৈতিক গোলমাল শুরু হয়। এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস , সিপিএম ও বিজেপির সমর্থন নিয়ে মহাজোট গড়েই বোর্ড গঠন করেছে। এর আগে ওই পঞ্চায়েতের নীল সাদা রঙ করা হয়েছিল। সেটা পুরনো হয়নি। অথচ রাতারাতি এই পঞ্চায়েত ভবনের রঙ বদলে গেরুয়ায় পরিণত করা হয়েছে। যদিও মহাজোটের পরিচালিত ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। নতুন করে ভবন গেরুয়া রঙ করার পিছনে কোনও রাজনীতি নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত মোট আসন সংখ্যা ১৯। এই পঞ্চায়েতে কংগ্রেসের দখলে রয়েছে ৬ টি আসন, সিপিএমের রয়েছে ৪ টি, আর বিজেপির ৩ টি আসন। মোট ১৩ টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে মহাজোট। অন্যদিকে ৬ টি আসন নিয়ে বিরোধী আসনে রাজ্যের শাসক দল। কিন্তু ওই পঞ্চায়েতের নীল সাদা রং মুছে ফেলে সম্প্রতি সেই ভবনের গেরুয়া রঙে রেঙে উঠেছে। আর এতেই আপত্তি জানিয়েছে তৃণমূল।
সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল সদস্য তথা বিরোধী দলনেত্রী সুফি খাতুন বলেন, "রাজ্য সরকারের মনোনীত নীল সাদা রঙের বদলে পঞ্চায়েত ভবনে গেরুয়া রঙ কেন করা হয়েছে তার কৈফিয়ত আমরা মহাজোটের পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু ওরা কোনও সদুত্তর দিতে পারেনি। অথচ এই গ্রাম পঞ্চায়েতটি নীল সাদা রঙে সজ্জিত ছিল। এখন ওই রঙ মুছে ফেলে গেরুয়া করা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে এখন রঙের রাজনীতি হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশিকা মানা হচ্ছে না। কংগ্রেস, সিপিএম, বিজেপি ভাইভাই সেটা প্রমাণ হচ্ছে।"
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন পঞ্চায়েত ভবন সুসজ্জিত করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাত লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাথে পঞ্চায়েতের নিজস্ব তহবিলের টাকা দিয়ে ভবন সুসজ্জিত করা হচ্ছে।
ভবনের রং বদলে রাজনীতি দেখছে না বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক তথা হরিশ্চন্দ্রপুরের দলীয় নেতা রূপেশ আগরওয়াল বলেন, "জোর করে স্থানীয় তৃণমূলীরা গোলমাল পাকানোর চেষ্টা চালাচ্ছে। পঞ্চায়েত ভবনের কোথায় কি রঙ হবে যেটা স্থানীয় তৃণমূলীরা ঠিক করে দিতে পারে না। ওই পঞ্চায়েত ভবনের রঙ উঠে পুরনো হয়ে গিয়েছিল। নতুনভাবে সেখানে গেরুয়া রঙ করা হয়েছে।"
তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। বিজেপির সুর প্রধানের গলাতেও। ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক বলেন, "পঞ্চায়েত ভবনের আগের রঙ পুরনো হয়ে গিয়েছিল। তাই নতুনভাবে গেরুয়া রঙ করা হয়েছে। তৃণমূল যে অভিযোগ করছে, তা সঠিক নয়। এই পঞ্চায়েত ভবন রঙের পিছনে কোনও রাজনীতি নেই।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us