/indian-express-bangla/media/media_files/2026/02/12/smuggle-2026-02-12-15-06-53.jpg)
Biscuit packet drug bust: বিস্কুটের প্যাকেটের আড়ালে মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ।
বিস্কুটের প্যাকেটের আড়ালে অভিনব কায়দায় মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। বিপুল পরিমাণ গাঁজা সহ দুই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করল বারুইপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার মল্লিকপুর পঞ্চায়েত এলাকার আখনা অঞ্চলে একটি কেরিয়ার ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম আসিফ আলম মোল্লা ও অনিকেত নস্কর।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর ছিল যে ধুলাগড় থেকে একটি কেরিয়ার ভ্যানে করে বড়সড় মাদকের চালান বারুইপুরের দিকে আসছে। সেই খবরের ভিত্তিতেই মল্লিকপুর পঞ্চায়েতের আখনা এলাকায় ওত পেতে ছিল পুলিশ। নির্দিষ্ট গাড়িটি আসতেই সেটিকে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িটি দেখে বোঝার উপায় ছিল না যে তার ভেতরে বিস্কুট ছাড়া অন্য কিছু আছে।
আরও পড়ুন- 'বাবরি যাত্রা'থেকে মমতার পাশাপাশি বিজেপিকেও হুঙ্কার ছুঁড়লেন হুমায়ুন, ভোটের আগে বাড়ালেন উত্তেজনা
অভিনব পাচার কৌশল
তল্লাশি চালাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। দেখা যায়, গাড়ির ভেতরে বিস্কুটের প্যাকেটের আড়ালে তৈরি করা হয়েছে একটি বিশেষ গোপন চেম্বার। সেই চেম্বারের ভেতরেই অত্যন্ত সুকৌশলে সাজানো ছিল ৩১৫ কেজি গাঁজা। সাধারণ তল্লাশিতে যাতে ধরা না পড়ে, সেই কারণেই এই অভিনব কায়দা নিয়েছিল পাচারকারীরা।
পুলিশি তদন্ত ও আইনি পদক্ষেপ
ঘটনায় গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজই ধৃতদের আলিপুর আদালতে তোলা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
বারুইপুর জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "ধৃতরা এই বিপুল পরিমাণ মাদক কোথায় নিয়ে যাচ্ছিল এবং এর পিছনে বড় কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচারচক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্কুটের প্যাকেটের আড়ালে এই পাচারের কৌশল যথেষ্ট উন্নত, যার মূল পান্ডাদের খোঁজ চালানো হচ্ছে।"
আরও পড়ুন-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ফেলে মার, তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দীপক অধিকারী
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us