/indian-express-bangla/media/media_files/2025/04/24/qTOJArS2BZ1tFULC9Ffr.jpg)
Cooch Behar border incident: প্রতীকী ছবি।
গরু পাচার রুখতে গিয়ে কোচবিহার জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হন এক BSF জওয়ান, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গে। রবিবার ভোরে অপহরণের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। পরে রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বর্ডার গার্ড (BGB)-এর মাধ্যমে ওই জওয়ানকে মুক্তি দেওয়া হয়।
ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে, যখন সাম্প্রতিক অস্থিরতার জেরে ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা চাপের মুখে। কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক অপহরণ ও মুক্তির ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও, সীমান্তরক্ষী বাহিনী BSF এই ঘটনার কথা অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপহৃত BSF জওয়ানের নাম বেদ প্রকাশ। তিনি কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়ি থানার অন্তর্গত ১৭৪ নম্বর ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন। যে এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ, তা কোচবিহার শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে।
সূত্রের দাবি, রবিবার ভোরে সীমান্ত এলাকায় গরু পাচারের খবর পেয়ে পাচারকারীদের ধাওয়া করেন ওই জওয়ান। ঘন কুয়াশার সুযোগ নিয়ে পাচারকারীরা তাঁকে ঘিরে ধরে জোর করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতরে নিয়ে যায়। পরে ওই দুষ্কৃতীরা তাঁকে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে তুলে দেয়।
আরও পড়ুন-East Bardhaman News: দারিদ্র্যের দিন পেছনে ফেলে নতুন জীবনের শুরু, লটারিতেই কপাল খুলে গেল বধূর
কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “আমরা জানতে পেরেছিলাম যে এক BSF জওয়ানকে বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করেছিল। তবে এই ঘটনায় BSF আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি।”
সূত্রের আরও দাবি, গোটা দিন BSF ও BGB-এর মধ্যে যোগাযোগ ও আলোচনা চলে। শেষ পর্যন্ত সন্ধ্যায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ওই জওয়ানকে ভারতের হাতে তুলে দেয় BGB।
তবে BSF-এর এক সূত্র পুরো ঘটনার কথা অস্বীকার করেছে। তাঁর দাবি, “শীতকালে ঘন কুয়াশার সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় গরু পাচারের চেষ্টা চলে। পাচারকারীদের ধাওয়া করা আমাদের রুটিন কাজ। সীমান্তে আমাদের সব জওয়ান নিরাপদ রয়েছেন।” এদিকে এই ঘটনাকে ঘিরে ভিন্নমত ও পরস্পরবিরোধী বক্তব্য থাকলেও, সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us