/indian-express-bangla/media/media_files/2026/01/31/union-budget-2026-2026-01-31-11-17-57.jpg)
বাজেটে কী কী বড় ঘোষণার সম্ভাবনা?
Union Budget 2026: ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে আজ ১ ফেব্রুয়ারি রবিবার । টানা নবমবারের মতো সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজকের এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে, বিশেষ করে আয়কর, স্বাস্থ্য, অটোমোবাইল, প্রতিরক্ষা ও রেলওয়ে খাতকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণার আশায় তাকিয়ে রয়েছে দেশবাসী।
আরও পড়ুন- অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা
আয়কর ক্ষেত্রে এবারের বাজেট থেকে বড় স্বস্তির আশা করছেন করদাতারা। নতুন কর ব্যবস্থায় ইতিমধ্যেই করমুক্ত আয়ের সীমা ১২ লক্ষ টাকা নির্ধারণ করা হলেও, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এই সীমা ১৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর দাবি উঠেছে। পাশাপাশি পুরনো কর ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও জোর চর্চা চলছে। ধারা ৮০সি, ৮০ডি, গৃহঋণের সুদের উপর ধারা ২৪(বি) এবং এনপিএস সংক্রান্ত করছাড় দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় করদাতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে পুরনো কর ব্যবস্থা চালু থাকবে নাকি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে। একইসঙ্গে আয়কর রিফান্ড দ্রুত ও সহজ করা, আইটিআর প্রক্রিয়াকরণ সহজ করা এবং নোটিশ সংক্রান্ত জটিলতা কমানোর দাবিও জোরাল হয়েছে।
স্বাস্থ্য খাতেও বাজেটের আগে প্রত্যাশা কম নয়। ধারা ৮০ডি-র অধীনে স্বাস্থ্য বিমার করছাড়ের সীমা বাড়ানোর দাবি উঠেছে, কারণ চিকিৎসা খরচ ও বিমা প্রিমিয়াম দ্রুত বেড়ে চলেছে। পাশাপাশি দেশের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করতে হাসপাতাল, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানাচ্ছে সংশ্লিষ্ট মহল। সরকারি সহায়তা বাড়লে গ্রামীণ ও শহরাঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা
অটোমোবাইল খাতে এবারের বাজেটে বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন বা ইভি বাজারের জন্য নীতিগত সহায়তার আশা করা হচ্ছে। ইভি যন্ত্রাংশের উপর শুল্ক হ্রাস, দেশীয় উৎপাদনে জোর, চার্জিং পরিকাঠামো উন্নয়ন এবং গ্রাহকদের জন্য অতিরিক্ত ছাড়ের দাবিতে সরব হয়েছে অটো শিল্প। বাজেটে এই খাতে সহায়তা মিললে ভারতের ইভি বাজার আরও দ্রুত গতিতে এগোবে বলে আশা করা হচ্ছে।
প্রতিরক্ষা খাতে সরকারের লক্ষ্য স্বনির্ভরতা আরও জোরদার করা। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা ছাড়াও গুরুত্বপূর্ণ খনিজ, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স ও অন্যান্য খাতে মূলধনী ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ফলে দেশীয় উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।
রেল খাতেও এবারের বাজেট যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসতে পারে। কোভিড-১৯-এর আগে প্রবীণ নাগরিকদের জন্য যে ভাড়া ছাড় ছিল, তা পুনর্বহালের বিষয়টি বিবেচনাধীন বলে জানা যাচ্ছে। পাশাপাশি প্রায় ৩০০টি নতুন ট্রেন চালুর ঘোষণা হতে পারে। রেলের পরিকাঠামো উন্নয়নে ট্র্যাক দ্বিগুণকরণ, নতুন লাইন সম্প্রসারণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা এবং স্টেশন পুনর্নির্মাণে বড় বিনিয়োগের সম্ভাবনাও রয়েছে।
সব মিলিয়ে, ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, শিল্প ও পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us