/indian-express-bangla/media/media_files/2024/10/21/JcaGTVlKiTIvUsvr7BEO.jpg)
প্রতীকী ছবি।
বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস সম্প্রতি সেক্সটরশন চক্রের ফাঁদে পড়ার হাত থেকে রক্ষা পেয়েছেন। খোকন দাস জানান, তাঁর ফোনে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে। কল রিসিভ করার সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটি মহিলার নগ্ন ভিডিও। ধোঁয়াশাজনক ভিডিও দেখেই তিনি ফোন লাইন কেটে দেন এবং সঙ্গে সঙ্গেই বর্ধমান সাইবার থানায় অভিযোগ জানান।
বিধায়ক খোকন দাসের বক্তব্য, “প্রতিদিন অসংখ্য মানুষ আমাকে ফোন করেন, তার মধ্যে অনেক অচেনা নম্বরও থাকে। কয়েকদিন আগে এক অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে। কল রিসিভ করতেই চমকে যাই, ফোনের স্ক্রিনে নগ্ন ভিডিও ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়ে আমি সাইবার থানায় ছুটে যাই এবং লিখিত অভিযোগ দিই। মনে হয়, কেউ আমাকে ফাঁসাতেই এই চক্রান্ত করেছে।”
সাইবার থানার তদন্তে উঠে এসেছে, ভিডিও কলটি রাজস্থানের ভরতপুর থেকে করা হয়েছে। পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওই এলাকার এই প্রতারক চক্রকে শনাক্ত করেছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ভিডিও কলকারীর খোঁজে অভিযান শুরু হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন- Murshidabad News: বেআইনি অনুপ্রবেশে চাঞ্চল্য! বাংলাদেশিদের লুকিয়ে রাখায় ভারতীয়ও গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গেছে, রাজস্থানের বিভিন্ন সাইবার গ্যাং রাতের বেলা ফেক ভিডিও কল করে। কল ধরলেই স্ক্রিনে আপত্তিকর ভিডিও চালানো হয়। এরপর ভিডিও রেকর্ডিং করে দু’পাশের ভিডিও এক ফ্রেমে জুড়ে “ফেক” ভিডিও তৈরি করা হয়। এরপর ব্ল্যাকমেলিং শুরু হয়। টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অনেকে সম্মানের ভয়ে টাকা দিতে রাজি হয়, কেউ কেউ সর্বশান্ত হয় এদের খপ্পরে পড়ে।
আরও পড়ুন-West Bengal Weather Update: নভেম্বরের শেষে শীতের হদিশ নেই, আবহাওয়ায় নতুন বিপর্যয়
তবে বিধায়ক খোকন দাস ফাঁদে পড়েননি। তিনি ভিডিও কল দেখার কয়েক সেকেন্ডের মধ্যে কল লাইন কেটে দেন, ফলে প্রতারকেরা রেকর্ডিং করতে পারেনি। সম্প্রতি বর্ধমান রেঞ্জের এক ডিআইজির ছবি ব্যবহার করে নকল সোশ্যাল অ্যাকাউন্ট খোলার অভিযোগে রাজস্থান থেকে একজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনি সেক্সটরশন চক্রের অংশ নয়।
তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ভিডিও কলকারীকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। রাজস্থানের এই সাইবার চক্র ইতিমধ্যেই বাংলার অনেককে ফাঁদে ফেলেছে। তবে বর্ধমানের বিধায়ক ফাঁদে পড়ার আগেই সতর্ক হয়ে প্রতারকদের বিপাকে ফেলেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us