/indian-express-bangla/media/media_files/2025/11/10/highcourt-2025-11-10-15-36-04.jpg)
হাইকোর্টে প্রশ্নবাণে জর্জরিত সরকার
Calcutta HC On Messi: আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া বিশৃঙ্খলা সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার লেক টাউনে স্থাপিত মেসির মূর্তি নিয়েই এবার প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে বিচারপতি পার্থসারথি সেন মূর্তিটি যে জমিতে বসানো সেই জমির মালিকানা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান।
বিচারপতি সেন প্রশ্ন তোলেন, “মেসির মূর্তিটি কার জমিতে বসানো হয়েছে? সেটি কি সরকারি জমি, না কি ব্যক্তি মালিকাধীন জমি? সরকারি জমিতে ব্যক্তিগতভাবে কি কোনও নির্মাণ করা যায়?” তাঁর মন্তব্যে স্পষ্ট অনুমোদন ছাড়া কোনও নির্মাণের আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে।
রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, লেক টাউনে মেসির মূর্তি বসানোর কাজটি তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু তাঁর ব্যক্তিগত উদ্যোগে করেছেন, মন্ত্রী হিসেবে নয়। তিনি আরও জানান, গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিশনকে কাজ শেষ করার সুযোগ দেওয়ার আবেদন জানান।
সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার জেরে ভাঙচুর ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার ঘটনার প্রেক্ষিতেই হাই কোর্ট এই মামলার শুনানি চালাচ্ছে। ওই অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে কলকাতা হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে সল্টলেকের ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট ২২ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর মধ্যেই মেসির মূর্তি সংক্রান্ত প্রশ্ন নতুন করে মামলায় জটিলতা বাড়াল বলে মনে করা হচ্ছে।
মামলাকারীদের অভিযোগ, মেসির অনুষ্ঠান ঘিরে টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম হয়েছে। সেই সঙ্গে তাঁরা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-সহ স্বতন্ত্র সংস্থার মাধ্যমে তদন্তের দাবি তুলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত অনুসন্ধান কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে একে দোষীদের আড়াল করার চেষ্টা বলে দাবি করা হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দুই আইনজীবী হাই কোর্টের একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে ‘সম্পূর্ণ স্বাধীন’ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, টিকিট কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতির ঘটনায় দুই রাজ্যমন্ত্রীর ভূমিকা রয়েছে এবং তাঁদের গ্রেপ্তারেরও দাবি তোলা হয়েছে।
মেসির কলকাতা সফরের পর রাজ্যের দুই মন্ত্রী ন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে নিয়ে বিতর্কে দানা বাঁধে। অবশেষে বিতর্কের জেরে ২০১৬ সাল থেকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে আসীন অরূপ বিশ্বাস মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন।
ঘটনার পর রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। সল্টলেক স্টেডিয়ামে ‘গোট ইন্ডিয়া ট্যুর’ অনুষ্ঠানের ব্যর্থতা নিয়ে সিনিয়র আধিকারিকদের শোকজ নোটিস দেওয়া হয়েছে এবং অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী একাধিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নবান্ন।
আরও পড়ুন- বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন, প্রতিবাদের আঁচে উত্তাল কলকাতা, বিক্ষোভে সামিল শুভেন্দু, দিলেন চরম সতর্কবার্তা
‘পার্টি আগে, মসজিদ পরে?’ হুমায়ুনের নতুন দল নিয়ে বিস্ফোরক মন্তব্য অধীরের
Humayun Kabir new party: চার ‘হুমায়ুন কবীর’, এক দল, ২৬-এর ভোটের আগে বড় 'বিস্ফোরণ', আত্মপ্রকাশ 'জনতা উন্নয়ন পার্টি'-র
Humayun Kabir new party: ‘তৃণমূল শূন্য করবই’, দল গড়েই মমতাকে রুদ্ধশ্বাস চ্যালেঞ্জ ছুঁড়লেন হুমায়ুন কবীর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us