/indian-express-bangla/media/media_files/2025/12/05/ps-2025-12-05-16-13-36.jpg)
Canning Police Station: ক্যানিং থানা।
ক্যানিংয়ের কুমারসা মাঝেরপাড়া এলাকায় স্ত্রীর উপর নারকীয় অত্যাচারের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বুধবার গভীর রাতে গৃহবধূকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে তাঁর স্বামী আজিজুল সর্দারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে নির্যাতিতা ক্যানিং থানায় লিখিত অভিযোগ জমা দিতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাত বছর আগে বারুইপুর থানার বেলেগাছি এলাকার বাসিন্দা ওই মহিলার সঙ্গে ক্যানিংয়ের মাঝেরপাড়ার আজিজুলের বিয়ে হয়। তাঁদের একটি ছয় বছর বয়সি সন্তান রয়েছে। বর্তমানে নির্যাতিতা অন্তঃসত্ত্বা। শারীরিক অবস্থার কারণে নিয়মিত সব কাজ করতে না পারায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মানসিক ও শারীরিক নির্যাতন তাঁকে দীর্ঘদিন ধরেই সহ্য করতে হচ্ছিল বলে অভিযোগ। অতিষ্ঠ হয়ে কয়েকদিন আগে বাপের বাড়িতে উঠে যান তিনি।
অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ওই মহিলাকে বুঝিয়ে আবার বাড়ি নিয়ে আসে আজিজুল। তারপর ঘরের দরজা বন্ধ করে শুরু হয় অমানবিক অত্যাচার। নির্যাতিতার দাবি, তাঁর হাত–পা বেঁধে গলায় বেল্ট ঝোলানো হয়, বেধড়ক মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন অংশে কাঁচি দিয়ে খুঁচিয়ে জখম করা হয়। এমনকি তাঁর মাথার চুলও গোড়া থেকে কেটে দেওয়া হয়। গভীর রাতে সুযোগ বুঝে বাপের বাড়িতে ফোন করে সাহায্য চান তিনি। পরিবার এসে তাঁকে উদ্ধার করে।
বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত আজিজুল পলাতক। পুলিশ জানিয়েছে, গৃহবধূ নির্যাতনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার ভয়াবহতায় স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন-RBI Repo Rate Cut: আরও সস্তা বাড়ি গাড়ির EMI? RBI-এর বড় ঘোষণায় তোলপাড় বাজার
এই নৃশংস ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা রিপোর্ট, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও ঘটনার অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us