/indian-express-bangla/media/media_files/2025/09/04/burdwan-deadbody-found-2025-09-04-11-29-38.jpg)
প্রতীকী ছবি
২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচল থানার জিতারপুর এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম আনারুল হক (৩০)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায়। যেখানে দেহটি উদ্ধার হয়েছে, সেখান থেকে তাঁর বাড়ি প্রায় তিন কিলোমিটার দূরে।
আরও পড়ুন-অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনারুল পেশায় বিভিন্ন হাটে ঘরোয়া সামগ্রী বিক্রির কাজ করতেন। পরিবারের অভিযোগ, বাড়ি নির্মাণের জন্য তাঁর কাছে এক লক্ষ টাকা ছিল। দুষ্কৃতীরা সেই টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে খুন করে থাকতে পারে বলে অনুমান পরিবারের সদস্যদের। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
মৃতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি তৈরির সামগ্রী কেনার উদ্দেশ্যে এক লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন আনারুল। সকাল দশটা পর্যন্ত তাঁর সঙ্গে মোবাইলে যোগাযোগ ছিল। এরপর সারাদিন বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। রাতে খোঁজাখুঁজি চললেও কোনও সন্ধান মেলেনি।
আরও পড়ুন-SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা
মৃতের স্ত্রী মেমনুর খাতুন জানান, নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। সেই কারণেই সিমেন্ট, বালি ও লোহার রডের বায়না দিতে টাকা নিয়ে বের হয়েছিলেন তাঁর স্বামী। শুক্রবার সকালে গ্রামবাসীদের কাছ থেকেই স্বামীর মৃতদেহ উদ্ধারের খবর পান তিনি। দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের ধারণা, টাকা লুটের উদ্দেশ্যেই এই খুন করা হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে তদন্তে পৌঁছান চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- আনন্দপুরে অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটনায় এবার আসরে মোদী, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us