/indian-express-bangla/media/media_files/2025/12/18/deucha-2025-12-18-19-03-21.jpg)
Deucha Pachami coal mine: দেওচা পাঁচামি কয়লাখনি
চুক্তির ধারা লঙ্ঘনের অভিযোগে দেওচা–পাঁচামি কয়লাখনিতে পাথর উত্তোলনের কাজের বরাত বাতিল করল রাজ্য সরকার। প্রাথমিক পর্যায়ে ১২ একর জমিতে পাথর তোলার দায়িত্বে থাকা মেসার্স পাঁচামি ব্যাসল্ট মাইনিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে, সংস্থাটি চুক্তির একাধিক শর্ত মানেনি বলেই এই পদক্ষেপ করা হয়েছে।
এদিকে, দ্বিতীয় ধাপে ৩১৪ একর জমিতে পাথর উত্তোলনের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দল বিজেপি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, দেওচা-পাঁচামিতে কয়লাখনি প্রকল্প আদৌ বাস্তবায়িত হবে না, রাজ্য সরকার শুধুমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
আরও পড়ুন- Sourav Ganguly: ‘চিটিংবাজ’ মন্তব্যে রেগে আগুন দাদা! মেসি ভক্তের বিরুদ্ধে এফআইআর সৌরভ গঙ্গোপাধ্যায়ের
বৃহস্পতিবার সিউড়ির বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "রাজ্য সরকার দীর্ঘ ১৫ বছরে একটি শিল্প প্রকল্পও বাস্তবে রূপ দিতে পারেনি। অথচ বারবার দেওচা-পাঁচামিকে দেশের বৃহত্তম কয়লাখনি হিসেবে প্রচার করা হচ্ছে।" তাঁর অভিযোগ, আসন্ন শিল্প সম্মেলনের আগে রাজ্য সরকার পাথর উত্তোলনের দরপত্র বাতিল ও নতুন করে দরপত্র ডাকার মাধ্যমে শুধুমাত্র ভাঁওতাবাজি করছে।
জগন্নাথ চট্টোপাধ্যায় আরও দাবি করেন, নতুন যে দরপত্র ডাকা হয়েছে, সেখানে কোথাও কয়লাখনি স্থাপনের উল্লেখ নেই। বরং আগামী ১৫ বছরের জন্য শুধুমাত্র পাথর উত্তোলনের কথাই বলা হয়েছে। তাঁর বক্তব্য, এর অর্থ সরকার নিজেই স্বীকার করছে যে আপাতত কয়লা উত্তোলনের কোনও পরিকল্পনা নেই। যদিও অক্টোবর মাসে বিশ্বজুড়ে দরপত্র আহ্বান করা হয়েছিল, এখনও পর্যন্ত কোনও সংস্থা আগ্রহ দেখায়নি বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপি নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া কয়লাখনি প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। অথচ এখনও পর্যন্ত কোনও নকশা বা পরিকল্পনা কেন্দ্রের কাছে জমা পড়েনি। পাশাপাশি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হলেও প্রকৃত ক্ষতিপূরণ বা কর্মসংস্থান দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই পরিস্থিতিকে রাজ্য সরকারের শিল্পনীতির ব্যর্থতা বলেই দাবি করছে বিরোধীরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us