/indian-express-bangla/media/media_files/2025/12/15/dhulian-municipality-water-contamination-ward-11-death-illness-2025-12-15-20-20-45.jpg)
পুরসভার সাপ্লাই করা জল পান করে অসুস্থ কমপক্ষে ৫০।
পুরসভার সাপ্লাই করা জল পান করে অসুস্থ কমপক্ষে ৫০। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে ধুলিয়ান পুর এলাকায়। জানা গিয়েছে, ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি এলাকায় পুরসভার সাপ্লাই করা জল খেয়ে প্রায় ৮০ থেকে ৯০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এই মর্মান্তিক ঘটনার মধ্যেই একজনের মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। যদিও প্রশাসনের তরফে এবিষয়ে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এদিকে ঘটনার পর একের পর এক অসুস্থ ব্যক্তিকে তড়িঘড়ি অনুপনগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় ধুলিয়ান পুরসভার পক্ষ থেকে মাইকিং করে পুরসভার সরবরাহ করা জল পান না করার নির্দেশ দেওয়া হয়। চাপের মুখে পড়ে পৌরসভার তরফে ১১ নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। তবে এলাকাবাসীর প্রশ্ন, ঘটনার পরেই কেন এই তৎপরতা? জল সরবরাহের আগে কেন নিয়মিত পানীয় জল পরীক্ষা করা হয়নি তা নিয়ে উঠছে একাধিক অভিযোগ।
এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল ইসলাম বলেন, "ওয়ার্ডের কয়েকটি এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুরো টিম কাজ করছে।" যাঁর মৃত্যু হয়েছে, তাঁর পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে এবং ধুলিয়ান পুরসভা সব রকমভাবে পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও দাবি করেন কাউন্সিলর।
আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
তবে পুরসভার এই দাবির বিপরীতে মৃতের পরিবার তীব্র অভিযোগ তুলেছে। তাঁদের বক্তব্য, "পরিবারের একজনের মৃত্যু হলেও চেয়ারম্যান বা বিধায়ক কেউই এখনও বাড়িতে এসে পাশে দাঁড়াননি।" কোনও আর্থিক বা প্রশাসনিক সাহায্যও পাওয়া যায়নি বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, "সঠিকভাবে জল পরীক্ষা না করেই সাধারণ মানুষের কাছে জল সরবরাহ করা হয়েছিল।" তাঁদের কথায়, যথাযথ পরীক্ষা হলে আজ এই প্রাণহানি ঘটত না। এই মৃত্যুর দায়িত্ব কার? সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ান পুর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীর হুঁশিয়ারি, ভবিষ্যতে আবার এমন ঘটনা ঘটলে তাঁরা বড়সড় আন্দোলনে নামবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us