/indian-express-bangla/media/media_files/2025/07/19/dilip-ghosh-2025-07-19-17-07-07.jpg)
ভোটের আগে 'ফের সক্রিয়' দিলীপ
Dilip Ghosh: বিজেপির অন্দরে টানাপোড়েন এবার প্রকাশ্যে আনলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুললেন ‘মন্দির-মসজিদ রাজনীতি’র নির্বাচনী প্রাসঙ্গিকতা নিয়ে এবং একই সঙ্গে রাজ্য বিজেপিতে সাম্প্রতিক সময়ে যোগ দেওয়া নেতাদের উদ্দেশে পরোক্ষ কটাক্ষ করলেন।
দিলীপ ঘোষের দাবি, “মন্দির-মসজিদ ইস্যু ভোটের ফলাফলে প্রভাব ফেলে না।” উদাহরণ হিসেবে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফৈজাবাদ আসনে বিজেপির পরাজয়ের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য, অযোধ্যায় রাম মন্দির থাকা সত্ত্বেও সেখানে হার হয়েছে বিজেপির। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির নির্মাণ করলেই যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হবেন, এমনটা ধরে নেওয়া ভুল হবে।
কারও নাম না করে দিলীপ ঘোষ বলেন, “বিজেপিতে সবাই কর্মী। যাঁরা সম্প্রতি দলে এসেছেন, তাঁদের নিজেদের পরিচয় প্রমাণ করতে হবে।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
গতকাল দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করেন। সূত্রের খবর, তিনি শনিবার থেকে খড়্গপুরে তিন দিনের প্রচারের অনুমতি চেয়েছেন। দিলীপ ঘোষ জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নিজের ঘরের আসন খড়্গপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
দলের মধ্যে নিজেকে কোণঠাসা করে রাখার অভিযোগও প্রকাশ্যে আনেন দিলীপ ঘোষ।
তাঁর কথায়, “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত নানা তত্ত্ব ছড়ানো হয়েছিল, যার ফলে আমাকে আলাদা করে দেওয়া হয়। এই বিষয়টি আমি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। আমি হারিয়ে যেতে ভয় পাই না। তাঁদের ওপর আমার আস্থা আছে।”
এদিকে ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ঘন ঘন বঙ্গ সফরের ইঙ্গিত মিলেছে। সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গে একটি জনসভা করতে পারেন। মাসের শেষের দিকে কলকাতা সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি আগামী ৮ জানুয়ারি কলকাতা সফরে আসার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার।
আরও পড়ুন-নতুন বছরের শুরুতেই ঝরল রক্ত, তৃণমূলের দাপুটে নেতা খুনের নেপথ্যে কি পরিচিতরাই?
আরও পড়ুন- শীত হোক বা উইকেন্ড, কলকাতার কাছে 'সেরার সেরা' এই ৫ পিকনিক স্পট মিস করবেন না
আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও
আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us