/indian-express-bangla/media/media_files/2026/01/07/politics-2026-01-07-14-00-02.jpg)
Domkal political news: বাম-কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলে যোগ।
মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাত্র তিন দিনের ব্যবধানে সম্পূর্ণ পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ। শনিবার যে ছবি দেখা গিয়েছিল, মঙ্গলবার সন্ধ্যায় তার ঠিক উল্টো চিত্র সামনে এল। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা, আর বিধানসভা নির্বাচনের আগে ডোমকলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
গত শনিবার ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা যায়। শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বলে দাবি করেছিল কংগ্রেস নেতৃত্ব। সেই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস–বাম শিবিরে উৎসাহের পারদ চড়েছিল। তবে সেই আনন্দ যে দীর্ঘস্থায়ী হলো না, তা প্রমাণ হয়ে গেল মাত্র তিন দিনের মধ্যেই।
আরও পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
মঙ্গলবার সন্ধ্যায় নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। কংগ্রেস–বাম শিবির ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন ওই ওয়ার্ডের বহু কর্মী ও সমর্থক। ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম এবং প্রাক্তন কাউন্সিলর নূরাবুল ইসলামের উপস্থিতিতেই এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যোগদান মঞ্চ থেকেই বিরোধীদের কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রাক্তন কাউন্সিলর নূরাবুল ইসলাম। তিনি দাবি করেন, “গত লোকসভা নির্বাচনে এই ওয়ার্ডে আমরা ২০০০ ভোটে লিড দিয়েছি। আসন্ন বিধানসভা নির্বাচনে সেই লিড বাড়িয়ে ৩০০০ ভোটে নিয়ে যাব।” তাঁর এই বক্তব্যে তৃণমূল শিবিরে উৎসাহের সঞ্চার হয়।
একদিকে এই ঘটনায় ডোমকলে কংগ্রেসের বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের শিবিরে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। দলীয় নেতৃত্বের দাবি, মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছে এবং সেই কারণেই কর্মীরা আবার তৃণমূলে ফিরছেন।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ডোমকলের রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। এই ওয়ার্ডে আগামী দিনে আরও রাজনৈতিক পালাবদল হবে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us