/indian-express-bangla/media/media_files/2025/05/16/3GC0uZKLLPv8FcZkspUn.jpg)
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Trump Colombia military threat: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এই ধরনের সামরিক পদক্ষেপ তাঁর কাছে “ভালোই শোনাচ্ছে”।
ট্রাম্প সরাসরি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দিকে আঙুল তুলে বলেন, “কলম্বিয়া খুবই অসুস্থ একটি দেশ। একজন অসুস্থ মানুষ এটি চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে আমেরিকায় বিক্রি করতে ভালোবাসেন। তিনি আর বেশি দিন এটা করতে পারবেন না।”
ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্টভাবে কলম্বিয়ার রাষ্ট্রপতিকেই লক্ষ্য করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাংবাদিকরা যখন সরাসরি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, তখন ট্রাম্পের জবাব ছিল, “আমার কাছে এটা ভালোই শোনাচ্ছে।”
ভেনেজুয়েলার ঘটনার পরেই নতুন হুমকি
এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একটি নাটকীয় অভিযানে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গিয়ে মাদক পাচারের অভিযোগে আদালতের মুখোমুখি করেছে। ওই অভিযানের পর থেকেই লাতিন আমেরিকায় মার্কিন ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
মার্কিন-কলম্বিয়া সম্পর্কে টানাপোড়েন
গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন বৃদ্ধি এবং ভেনেজুয়েলা ইস্যুতে কড়া অবস্থানের জেরে উত্তেজনা বেড়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই সময়ে ট্রাম্পের অন্যতম কড়া আন্তর্জাতিক সমালোচকে পরিণত হয়েছেন।
গত মাসে পেত্রো ট্রাম্পকে কলম্বিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন উৎপাদক দেশ কলম্বিয়ায় তাঁর সরকার কীভাবে মাদক তৈরির ল্যাব ধ্বংস করছে, তা সরেজমিনে দেখানোর প্রস্তাবও দেন তিনি।
লাতিন আমেরিকার সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ
সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে পেত্রো একে “লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আঘাত” বলে মন্তব্য করেন। তাঁর মতে, এই ধরনের অভিযান গোটা অঞ্চলে একটি বড় মানবিক সংকট ডেকে আনতে পারে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পাশাপাশি ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে ছোট নৌযান লক্ষ্য করে চালানো অভিযানের সমালোচনা করায় ট্রাম্প আরও ক্ষিপ্ত হন। ট্রাম্প পেত্রোকে কড়া ভাষায় সতর্ক করে বলেন, তাঁকে “নিজের কাজের দিকে নজর রাখতে হবে।” পাশাপাশি কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচারে মদত দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us