/indian-express-bangla/media/media_files/2025/06/16/kx5J8rcn6U7xSkpCOyNU.jpg)
Kolkata to Bhutan flight: প্রতীকী ছবি।
Bhutan flight from Kolkata: কলকাতা থেকে ভুটান যাতায়াত আরও সহজ হল। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ভুটানকে এবার সরাসরি যুক্ত করল শহরই। আনুষ্ঠানিকভাবে চালু হল গেলফু–কলকাতা আন্তর্জাতিক বিমান পরিষেবা। ইতিমধ্যেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে এই নতুন রুটের শুভ উদ্বোধন করেছেন। ড্রুক এয়ারের এই পরিষেবা চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় তৈরি হল নতুন অধ্যায়।
বাঙালির সঙ্গে ভ্রমণের সম্পর্ক চিরন্তন। পাহাড়-জঙ্গল-সমুদ্র-যেখানেই সুযোগ, সেখানেই ঘুরতে বেরিয়ে পড়ে বাঙালি। বিশেষ করে বিদেশযাত্রার ক্ষেত্রে ভুটান বরাবরই বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য।
প্রতিবেশী দেশ হিসেবে ভুটান নিরাপদ, সৌন্দর্যে ভরপুর এবং ভ্রমণ–বান্ধব হওয়ায় দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক পর্যটক সেখানে যান। এবারে সরাসরি বিমান চালু হওয়ায় যাত্রা আরও দ্রুততর ও আরামদায়ক হল বলে মনে করছেন পর্যটন মহলের প্রতিনিধিরা।
টুর অপারেটরদের দাবি, এই নতুন রুটে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আগের মতো ফুণশোলিং হয়ে সড়ক পথে প্রবেশের ঝক্কি বা পারো হয়ে দীর্ঘ ট্রানজিটের প্রয়োজন আর থাকছে না। কলকাতা বিমানবন্দর থেকেই সরাসরি গেলফুতে অবতরণ করবেন যাত্রীরা। ফলে সময় বাঁচবে, সাশ্রয় হবে খরচও।
টিকিটের মূল্য সম্পর্কেও ইতিমধ্যেই তথ্য পাওয়া গেছে। একমুখী টিকিট ৫,৫০০ টাকা থেকে শুরু হয়ে ৩৫ হাজার টাকা পর্যন্ত থাকছে বলে জানা গেছে। মরসুম,চাহিদা ও বুকিংয়ের সময় অনুযায়ী ভাড়ার ভিন্নতা থাকবে। তবে আন্তর্জাতিক রুট হিসেবে এই ভাড়া যাত্রীবান্ধব বলেই মনে করছেন অনেকেই। বিশেষ করে যাঁরা স্বল্প বাজেটে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন, তাঁদের কাছে এটি একটি বড় সুবিধা।
পর্যটকদের পাশাপাশি উচ্ছ্বসিত ব্যবসায়ীরাও। নতুন এই পরিষেবা দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগও বাড়াবে বলে আশা করা হচ্ছে। পর্যটনের দিক থেকে ভুটান-কলকাতা রুট বরাবরই সম্ভাবনাময় ছিল। এবার সরাসরি বিমানযোগে সেই সম্ভাবনা আরও জোরদার হল।
আরও পড়ুন-রাজ্যের মন্ত্রীর কর্মসূচীতে যোগ দেওয়ায় বেধড়ক মারের অভিযোগ, তৃণমূল কর্মীর মৃত্যুতে তোলপাড় বাংলা
সব মিলিয়ে, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ায় কলকাতা থেকে ভুটান যাত্রা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ, দ্রুত ও আকর্ষণীয়। পছন্দের পাহাড়ি দেশে ঘুরে আসার এখনই উপযুক্ত সময়, বলছেন পর্যটন বিশেষজ্ঞরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us