/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-of-india-publishes-draft-electoral-rolls-for-bihar-following-sir-2025-08-01-16-45-54.jpg)
কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন।
দক্ষিণ ২৪ পরগনায় ভোটার তালিকা সংক্রান্ত শুনানি শিবির পরিদর্শনের সময় পর্যবেক্ষকের কাজে বাধা দেওয়ার অভিযোগে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যের পুলিশের ডিজিপি রাজীব কুমারকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। সেদিনের ঘটনার বিষয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে বিস্তারিত রিপোর্ট আগামী ৬ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ।
নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সি. মুরুগনের সফরের সময় যে ঘটনাগুলি ঘটেছে, তা “গুরুতর ও উদ্বেগজনক”। কমিশনের মতে, ওই ঘটনাগুলি পুলিশ প্রশাসনের বড়সড় গাফিলতিরই ইঙ্গিত।
সূত্রের খবর, ২৯ ডিসেম্বর মুরুগন ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাট ১ ও ২ ব্লক এবং কুলপিতে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) সংক্রান্ত শুনানি শিবির পরিদর্শনে যান। এই এলাকাগুলি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত।
ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়
নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন পর্যবেক্ষকের সফরের সময় স্লোগান দেওয়া, জমায়েত, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং পর্যবেক্ষকের গাড়িতে ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পরে ২৯ ডিসেম্বরই ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। কমিশনের মতে, এই সব ঘটনাই পুলিশের দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতার প্রমাণ।
কমিশন আরও জানিয়েছে, পর্যবেক্ষক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের রিপোর্ট থেকে স্পষ্ট, সফরের আগে সংশ্লিষ্ট এসডিও ও এসপিকে জানানো হলেও পর্যবেক্ষকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়নি। সংবেদনশীল এলাকা দিয়ে তাঁকে কার্যত পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই যাতায়াত করতে হয়েছে।
নির্বাচন কমিশনের চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, “এই গাফিলতিকে কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।” তাই ঘটনার প্রেক্ষিতে কী কী পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে, পরবর্তী ব্যবস্থা কী এবং দায়িত্ব নির্ধারণে কী পদক্ষেপ করা হয়েছে সব মিলিয়ে একটি বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) আগামী মঙ্গলবার, ৬ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে কমিশনের কাছে জমা দিতে হবে।
এছাড়াও কমিশন নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে নির্বাচনী বা বিশেষ ভোটার তালিকা পর্যবেক্ষকদের ফিল্ড ভিজিটের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে পর্যাপ্ত বাহিনী নিয়ে সঙ্গে থাকতে হবে।
রাজ্য প্রশাসনের অন্দরে অনেকেরই ধারণা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩১ ডিসেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচন কমিশনের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us