/indian-express-bangla/media/media_files/2026/01/25/eci-bengal-voters-list-2026-01-25-07-59-57.jpg)
কমিশনকে না জানিয়েই তিন IAS কে বদলি! সিদ্ধান্তে আপত্তি জানিয়ে রাজ্যকে কড়া ধমক
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকদের বদলি নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (ইসি)। পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনুমতি ছাড়াই তিনজন আইএএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে সেই বদলি অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট তিন আইএএস আধিকারিক রাজ্যের বিভিন্ন জেলায় ইলেক্টোরাল রোল অবজারভার বা ERO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কমিশনের অনুমোদন ছাড়া তাঁদের বদলি করা হয়েছে বলে অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে। এই কারণে রাজ্যের অন্যান্য ইআরও-রা যাতে কোনও রকম ভয় বা চাপ ছাড়াই নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই কমিশন কড়া পদক্ষেপ করেছে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ ক্যাডারের মোট ১২ জন আইএএস আধিকারিককে রাজ্যের ২৪টি জেলা, কলকাতাসহ, ইলেক্টোরাল রোল অবজারভার বা ERO হিসাবে নিয়োগ করেছিল। কিন্তু তার পরই রাজ্য সরকার ওই আধিকারিকদের মধ্যে তিনজনকে বদলি করে।
যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার ইআরও স্মিতা পাণ্ডে, উত্তর ২৪ পরগনা ও উত্তর কলকাতার ইআরও রণধীর কুমার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ইআরও অশ্বিনী কুমার যাদব।
নির্বাচন কমিশনের যুক্তি, ইআরও হিসেবে নিয়োগের পর সংশ্লিষ্ট আধিকারিকরা কার্যত কমিশনের অধীনে ‘ডিমড ডেপুটেশন’-এ ছিলেন। ফলে তাঁদের বদলির আগে কমিশনের সম্মতি নেওয়া রাজ্য সরকারের পক্ষে বাধ্যতামূলক ছিল। সেই নিয়ম মানা হয়নি বলেই রাজ্য সরকারকে অবিলম্বে বদলি সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- 'রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি' আনন্দপুরে অগ্নিকান্ডের ঘটনাকে 'ম্যান মেড' বলে কটাক্ষ শুভেন্দুর


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us