/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-2025-08-01-14-25-26.jpg)
Election Commission of India: নির্বাচন কমিশনের সদর কার্যালয়।
Election Commission of India: রাজ্যে চলমান বিশেষ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার যে প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশন দিয়েছিল, বৃহস্পতিবার তা খারিজ করে দিল দিল্লি। অর্থাৎ, ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসেবে আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ার জন্য নির্ধারিত নথির তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো উল্লেখ নেই। গত ২৭ অক্টোবর, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেখানেও এই নথিটি স্বীকৃত ছিল না। কমিশন জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখার পরেই এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ফরাক্কার পর এবার চাকুলিয়া, SIR শুনানি ঘিরে রণক্ষেত্র বিডিও অফিস, ভাঙচুর ও পথ অবরোধ
এদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে সংঘাত চরমে পৌঁছেছে। এই ইস্যুতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ বলেন, "যদি পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়, তবে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেওয়া হবে না।" এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন-SIR: শুনানির লাইনে এবার খোদ BLO ও তাঁর স্ত্রী! কেতুগ্রামের এই ঘটনা এখন টক অফ দ্য টাউন
কমিশনের এই সিদ্ধান্তের ফলে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বাংলায় বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দীর্ঘকাল ধরেই জনপ্রিয় নথি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে কমিশনের স্পষ্ট নির্দেশ, তালিকায় থাকা নির্ধারিত নথি ছাড়া অন্য কিছু গ্রহণ করা হবে না। এই নির্দেশ ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us