/indian-express-bangla/media/media_files/DhaOfnhuiCvaJT7L3Xn7.jpg)
প্রতীকী ছবি।
রাজ্যে এবার ইডির ডিরেক্টর। আইপ্যাক কাণ্ডের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ডিরেক্টর রাহুল নবীন সংস্থার কাজকর্ম পর্যালোচনার জন্য বৃহস্পতিবার কলকাতা সফরে আসছেন। ইডি সূত্রে বুধবার জানানো হয়েছে, তিনি সল্টলেকে অবস্থিত ইডি-র ইস্টার্ন রিজিওনাল অফিসে দিনভর বৈঠক করবেন। ওই বৈঠকে তিনি আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং এই অঞ্চলে বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখবেন।
আরও পড়ুন- মন্ত্রীর রোষানলে সিপিএম, সভা চলাকালীন মাইক কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড়
রাহুল নবীন এমন এক সময়ে কলকাতায় আসছেন , যখন সম্প্রতি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাক (I-PAC), সংস্থার এক ডিরেক্টর প্রতীক জৈন ও আরও কয়েকজনের বিরুদ্ধে কয়লা পাচার সংক্রান্ত একটি মামলায় তল্লাশি চালিয়েছে ইডি। ইডি সূত্রে জানা গেছে, জানুয়ারির ৮ তারিখে দিল্লির একটি ইডি টিম এই তল্লাশি অভিযান চালায়।
রাহুল নবীন তাঁর সফরের সময় ইডি আধিকারিকদের কাছ থেকে সংস্থার সামগ্রিক কাজের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং অফিসের সুরক্ষা সংক্রান্ত বিষয়েও মতামত নেবেন বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন- সুপ্রিম নির্দেশের জের! ফের পিছোবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ?
উল্লেখ্য, আই-প্যাক সংক্রান্ত তল্লাশি নিয়ে বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে, তল্লাশির সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনের আধিকারিকরা বাধা সৃষ্টি করেছিলেন এবং গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় ইডি সিবিআই তদন্তেরও আবেদন জানিয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইডি পরিকল্পিতভাবে আই-প্যাকের অফিস থেকে দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করছে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সাল থেকে আই-প্যাক পশ্চিমবঙ্গের শাসক দলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছে।
ইডি সূত্রে আরও জানানো হয়েছে, সংস্থার ডিরেক্টর হিসেবে রাহুল নবীন নিয়মিত বিভিন্ন অঞ্চলে সফর করে কাজকর্ম পর্যালোচনা করেন। এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে ইডি টিমের উপর হামলার ঘটনার পর তিনি কলকাতা সফরে এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন।
আরও পড়ুন- বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us