/indian-express-bangla/media/media_files/2026/01/08/ipac-2026-01-08-14-58-56.jpg)
ED raid IPAC office: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Mamata Banerjee-ED: কয়লা কেলেঙ্কারির পুরনো একটি মামলায় বৃহস্পতিবার রাজ্যে জোরদার অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ভোটকৌশল সংস্থা আইপ্যাক এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এদিন তল্লাশি অভিযান চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী দাবি করেন, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের একটি অথরাইজড টিম। তাঁর কথায়, “একটা পার্টি অফিসে ঢুকে এভাবে অভিযান চালানো যায় না। আইপ্যাক তৃণমূলের অথরাইজড টিম।”
বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাক সংস্থার দফতরে তল্লাশি অভিযান শুরু করে ইডি। খবর পেয়ে পরে ওই অফিসে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ইডি দলের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চলে গিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “পার্টির কাগজপত্র নিয়ে চলে গিয়েছে। টেবিলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে। আমি যখন খবর পেলাম যে এজেন্সি এসেছে, তখন খোঁজ নিয়েছিলাম কেন তারা এসেছে। পরে জানতে পারি, আমাদের দলের ইলেকশন স্ট্র্যাটেজি লুট করতে এসেছে। এটা কখনওই গণতন্ত্র হতে পারে না।”
এর আগে বৃহস্পতিবার সকালে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি। সেই খবর পেয়েই মুখ্যমন্ত্রী কলকাতার লাউডগা সিটি পথের ওই বাড়িতে পৌঁছে যান। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়িতে কিছুক্ষণ থাকার পর মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রতীক জৈনের বাড়িতে প্রবেশের সময় মুখ্যমন্ত্রী খালি হাতে ছিলেন। তবে বেরোনোর সময় তাঁর হাতে একটি সবুজ রঙের ফাইল এবং একটি ল্যাপটপ দেখা যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ইডি তাঁদের দলের গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করছিল। তাঁর বক্তব্য, “ওরা আমাদের দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল। আমি সেগুলো নিয়ে এসেছি।”
এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইডির অভিযানের সময় আইপ্যাক অফিস ও কর্ণধারের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তাঁর অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us