/indian-express-bangla/media/media_files/2026/01/28/mur-2026-01-28-16-04-40.jpg)
Farakka Barrage Missing: ফরাক্কা ব্যারাজে নিখোঁজ যুবক।
মঙ্গলবার গভীর রাতে ফরাক্কা বাঁধ প্রকল্পের ব্রিজের ওপর থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়ে নিখোঁজ হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার অন্তর্গত বাঁধ সংলগ্ন এলাকায়। নিখোঁজ ব্যক্তির নাম গৌতম লালা (৪২)। তাঁর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে ফরাক্কা ব্রিজের ওপর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন ডিউটিরত সিআইএসএফ (CISF) জওয়ানরা। কিছু বুঝে ওঠার আগেই হঠাতই ওই ব্যক্তি বাইকটি ব্রিজের ওপর রেখে নিচে ফিডার ক্যানেলের উত্তাল স্রোতে ঝাঁপ দেন। জওয়ানরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয় এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ফরাক্কা থানায়।
খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ও সিআইএসএফ জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ব্রিজের ওপর থেকে পরিত্যক্ত মোটরসাইকেলটি উদ্ধার করে। বাইকের নম্বর পরীক্ষা করে মালিকের নাম ও ঠিকানা উদ্ধার করে পুলিশ জানতে পারে, ব্যক্তিটি মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা।
খবর দেওয়া হয় নিখোঁজ গৌতম লালার পরিবারকে। রাতেই পরিবারের সদস্যরা ফরাক্কায় পৌঁছে মোটরসাইকেলটি শনাক্ত করেন। প্রিয়জনের এমন মর্মান্তিক পরিণতির কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
গৌতম বাবু কেন মালদা থেকে এত রাতে ফরাক্কায় এলেন এবং কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।মঙ্গলবার রাত থেকেই সিআইএসএফ ও পুলিশের উদ্ধারকারী দল ফিডার ক্যানেলে তল্লাশি চালাচ্ছে।এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে করা হলেও, এর পিছনে কোনো মানসিক অবসাদ নাকি পারিবারিক বিবাদ রয়েছে, তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us