খড়গপুরের প্রত্যন্ত গ্রাম বিশ্বমঞ্চে বিরাট সাফল্য, মাইক্রোসফটে কোটি টাকা প্যাকেজের চাকরি, নজির গড়ল সুমন

শৃঙ্খলা, শিক্ষা এবং অদম্য অধ্যবসায়কে পাথেয় করে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের বাড়বাঁশী গ্রামের বাসিন্দা সুমন বেরা।

শৃঙ্খলা, শিক্ষা এবং অদম্য অধ্যবসায়কে পাথেয় করে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের বাড়বাঁশী গ্রামের বাসিন্দা সুমন বেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Suman Bera success story, Kharagpur news, West Bengal inspirational news, farmer son success, rural Bengal talent, LinkedIn job offer, Microsoft LinkedIn package, one crore salary engineer, Jalpaiguri Government Engineering College, Bengal education success, grassroots to global success, Indian youth inspiration, technology career success

নজির গড়ল সুমন

খড়গপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিশ্বমঞ্চে সাফল্যের নজির গড়লেন কৃষক পরিবারের এক বঙ্গ সন্তান।  শৃঙ্খলা, শিক্ষা এবং অদম্য অধ্যবসায়কে পাথেয় করে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের বাড়বাঁশী গ্রামের বাসিন্দা সুমন বেরা। তাঁর জীবনকাহিনি প্রমাণ করে, স্বপ্ন শুধু দেখলেই হয় না, সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও নিজের উপর বিশ্বাস।

Advertisment

একেবারেই সাধারণ কৃষক পরিবারে জন্ম সুমনের। অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া ছোট বাড়িতে বড় হওয়া, বাবার মাত্র এক বিঘা জমিতে চাষাবাদ আর দিদির টিউশনের আয়েই চলত সংসার। আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী, কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ আর সাফল্যের লক্ষ্য কখনও টলতে দেয়নি সুমনকে। বাড়বাঁশী হাই স্কুল থেকে মাধ্যমিকে ভালো ফল করার পর মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। অষ্টম শ্রেণি থেকেই বৃত্তির সাহায্যে পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

অভাব-অনটনের মাঝেও নিজের প্রতিভাকে আটকে রাখতে দেননি সুমন। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই প্রযুক্তি ক্ষেত্রে তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়। সেই নিষ্ঠা ও পরিশ্রমের ফল মেলে ২০২৪ সালের অক্টোবর মাসে, যখন তিনি বেঙ্গালুরুতে একটি ইন্টার্নশিপের সুযোগ পান। তিন মাসের হাতে-কলমে কাজের অভিজ্ঞতা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

ইন্টার্নশিপ চলাকালীন তাঁর দক্ষতা এবং কাজের প্রতি দায়িত্ববোধে মুগ্ধ হয়ে মাইক্রোসফট-অধিকৃত পেশাদার নেটওয়ার্কিং সংস্থা লিঙ্কডইন তাঁকে প্রায় এক কোটি টাকা বার্ষিক প্যাকেজে চাকরির প্রস্তাব দেয়। সাফল্যের খবর পেয়ে আবেগপ্রবণ সুমন বলেন, “এত বড় অফার আমি কখনও কল্পনাও করিনি। সব ঠিক থাকলে জুলাই মাসে বেঙ্গালুরুতে যোগ দেব।”

এই সাফল্য সুমনের কাছে যেমন গর্বের, তেমনই তাঁর পরিবারের কাছেও তা স্বপ্নের মতই। সুমনের বাবা বলেন, “আমরা খুব খুশি। হয়তো এবার আমাদের পরিবারও একটু ভালো দিন দেখবে।” পরিবারের সংগ্রামের কথা তুলে ধরে সুমনের মা নির্মলা বেরা জানান, “ওর বাবার চারবার স্ট্রোক হয়েছিল, তারপর থেকে ঠিকভাবে কাজ করতে পারতেন না। আমারও প্রায় ২৫ বছর ধরে কিডনির সমস্যা। অসুস্থতার কারণে কখনও ভারী কাজ করতে পারিনি। ছেলের সাফল্য আমাদের সুদিনের সন্ধান দিল।”

আজ সুমন বেরা শুধু একজন সফল ইঞ্জিনিয়ার নন, তিনি হাজারো তরুণের অনুপ্রেরণা। তাঁর জীবনের গল্প প্রমাণ করে ছোট গ্রাম থেকেও লক্ষ্য স্থির থাকলে পরিশ্রম আর অধ্যবসায়কে সম্বল করে স্বপ্ন ছোঁয়া সম্ভব। 

আরও পড়ুন- "জয় গোস্বামীর মতো স্বনামধন্য ব্যক্তিত্বের'....অযথা নোটিস কমিশনের? কী বলল সুপ্রিম কোর্ট?

আরও পড়ুন-কলমের খোঁচায় আজও প্রাণ ফিরে পান রোগীরা, প্রথিতযশা চিকিৎসক থেকে রাস্তার ভবঘুরে, বাংলার প্রতিভার করুণ কাহিনী চোখে জল আনবে

Success Story