/indian-express-bangla/media/media_files/2025/11/27/west-bengal-sir-voter-list-28-lakh-names-deleted-2025-11-27-12-59-15.jpg)
SIR voter list 2025: প্রতীকী ছবি।
সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও বিলম্বিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়ম সংক্রান্ত বিষয়গুলি প্রকাশ ও আপত্তি জানানোর জন্য অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ দেওয়ায় নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ লক্ষ শুনানি সম্পন্ন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত
নির্বাচন কমিশনের মতে, বর্তমানে যে সময়সীমা নির্ধারিত রয়েছে, তার মধ্যে বিপুল সংখ্যক শুনানি পরিচালনা করা সম্ভব নয়। SIR প্রক্রিয়ায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মামলার শুনানি হতে পারে বলে কমিশনের অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে। এই পরিস্থিতিতে নির্ধারিত তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করা হচ্ছে। যদিও নতুন করে কবে এই তালিকা প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ১০ দফা নির্দেশিকা জারি করেছে। আদালত জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যে সকল ভোটারের নামের ক্ষেত্রে ‘যৌক্তিক ত্রুটি’ রয়েছে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে। গ্রামীণ এলাকায় এই তালিকা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে এবং শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে এমনভাবে টাঙাতে হবে, যাতে সাধারণ মানুষের সহজে তা দেখতে পারেন।
SIR নিয়ে তোলপাড় বাংলা, তড়িঘড়ি বিরাট সিদ্ধান্ত নিল কমিশন
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, তালিকা প্রকাশের পর পঞ্চায়েত বা ব্লক অফিসে নথি বা আপত্তি জমা দেওয়ার সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে তালিকা প্রকাশের দিন থেকে অতিরিক্ত ১০ দিন সময় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাঁরা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি ব্লক লেভেল অফিসার (BLO) হতে পারেন, তবে এর জন্য স্বাক্ষরিত অনুমতিপত্র বাধ্যতামূলক বলে জানিয়েছে আদালত।
আদালতের নির্দেশে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্য প্রশাসনের ওপরও চাপ বেড়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যের পুলিশ ডিজিপি, প্রতিটি জেলার পুলিশ সুপার ও জেলা ম্যাজিস্ট্রেটকে নিশ্চিত করতে হবে যে এই প্রক্রিয়ার সময় কোনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। একই সঙ্গে প্রতিটি জেলায় পর্যাপ্ত কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটারদের নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। বিকল্প নথি হিসেবে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে এবং সংশ্লিষ্ট নথিপত্র গ্রহণকারী বা শুনানি পরিচালনাকারী আধিকারিককে সেই বিষয়টি যাচাই করে নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ এর আগেও একাধিকবার পিছিয়েছে। প্রথমে জানানো হয়েছিল, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পরে পুরো প্রক্রিয়া সাত দিন পিছিয়ে দিয়ে ১৪ ফেব্রুয়ারির দিনটি নির্ধারণ করা হয়। তবে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর সেই সময়সীমাও বজায় রাখা সম্ভব হবে না বলেই মনে করছে কমিশন। ফলে বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশ পাবে, তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।
উড়িয়ে দেওয়া হবে পুরীর জগন্নাথ মন্দির, হুমকি বার্তার জেরে চূড়ান্ত চাঞ্চল্য, বাড়ানো হল নিরাপত্তা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us