/indian-express-bangla/media/media_files/2025/10/23/gold-silver-price-today-october-23-2025-gold-rates-drop-after-diwali-buying-opportunity-before-wedding-season-2025-10-23-10-12-20.jpg)
সোনায় সোহাগা!
Gold Price Forecast 2026: সোনার দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে। এই প্রথমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার টাকার গণ্ডি ছুঁয়েছে। বছরের শেষপ্রান্তে এসেও সোনার দামে কোনও নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত নেই। বরং ধারাবাহিকভাবে নতুন রেকর্ড গড়ে চলেছে হলুদ ধাতু। বাজার বিশেষজ্ঞদের মতে, সোনার এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত শ্রেণির নাগালের বাইরে সোনাকে ঠেলে দিচ্ছে।
চলতি বছর সোনার দাম বৃদ্ধির নিরিখে কার্যত ঐতিহাসিক হয়ে উঠেছে। বছরের শুরুতে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৩,৬৮০ টাকা, সেখানে বছরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায়। অর্থাৎ এক বছরে সোনার দাম প্রায় ৭০ শতাংশেরও বেশি বেড়েছে। বাজারের গতিপ্রকৃতি দেখে অনেকেরই আশঙ্কা, খুব শিগগিরই সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকার সীমা ছাড়িয়ে যেতে পারে।
এখন প্রশ্ন উঠছে, ২০২৬ সালেও কি সোনার দামের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকবে? আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা জেপি মরগানের বিশ্লেষকদের মতে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সোনার দাম প্রতি আউন্স ৫,০০০ ডলারে পৌঁছাতে পারে। ভারতীয় মুদ্রায় হিসাব করলে, প্রতি ১০ গ্রামে এর দাম হতে পারে প্রায় ১,৫৮,৪৮৫ টাকা। একই ধরনের পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান শ্যাক্সও। সংস্থাটির এক সমীক্ষা অনুযায়ী, আগামী বছর সোনার দাম প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এই দামের সঙ্গে ভারতে প্রযোজ্য ৩ শতাংশ জিএসটি ও স্ট্যাম্প শুল্ক ধরা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, সোনার দাম বৃদ্ধির পেছনে একাধিক বৈশ্বিক কারণ কাজ করছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা এর অন্যতম প্রধান কারণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকায় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। পাশাপাশি ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল সরবরাহে সম্ভাব্য ব্যাঘাত এবং আফ্রিকায় আইএসআইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের খবর বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করছে।
এই অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে সোনা ও রূপার মতো নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। ফলে সোনার চাহিদা বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম।
এছাড়াও বাজারে জল্পনা রয়েছে, আগামী বছর মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অন্তত দু’বার সুদের হার কমাতে পারে। সুদের হার কমলে ব্যাঙ্কের স্থায়ী আমানত, বন্ড বা সঞ্চয়পত্রের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়। সেই কারণে বিনিয়োগকারীরা মূল্য সংরক্ষণের নিরাপদ বিকল্প হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর ফলেই সোনা-ভিত্তিক ইটিএফে বিনিয়োগ বেড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলিও সোনার মজুত বাড়াচ্ছে, যা সোনার দামের ঊর্ধ্বগতিকে আরও জোরদার করছে।
দেশীয় বাজারে ২০২৫ সাল কার্যত ‘রূপার বছর’ হয়ে উঠেছে। বর্তমানে রূপার দাম প্রতি কিলোগ্রামে ২.৫০ লক্ষ টাকা ছাড়িয়েছে। যেখানে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রূপার দাম ছিল প্রতি কেজিতে ৮৫,৮৫১ টাকা, সেখানে এক বছরের ব্যবধানে বিনিয়োগকারীরা প্রায় দেড় লক্ষ টাকারও বেশি রিটার্ন পেয়েছেন। শুধু গত সপ্তাহেই রূপার দাম কেজিতে ২৮,০০০ টাকার বেশি বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে রূপার চাহিদা দ্রুত বাড়লেও সরবরাহ সীমিত থাকায় এই দামবৃদ্ধি অব্যাহত রয়েছে।
ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উত্তর ভারতের প্রধান অনুরাগ রাস্তোগির মতে, সোনা ইতিমধ্যেই সর্বোচ্চ স্তরে রেকর্ড গড়েছে, তবুও দীর্ঘমেয়াদে সোনায় বিনিয়োগ নিরাপদ। তাঁর কথায়, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ সোনার দাম ১.৫ লক্ষ টাকায় পৌঁছানোর পূর্বাভাস ছিল, কিন্তু বাস্তবে সেই স্তর অনেক আগেই ছুঁয়ে ফেলেছে। বর্তমানে সোনার দাম প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত বাড়ছে। ফলে জুয়েলারি বাজারেও ভবিষ্যৎ দাম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন সোনার দাম ১.৭৫ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে, আবার কেউ কেউ ২ লক্ষ টাকার সম্ভাবনার কথাও বলছেন।
তবে ২০২৬ সাল নিয়ে সতর্কবার্তাও দিচ্ছেন কিছু বিশেষজ্ঞ। তাঁদের মতে, বিশ্ব অর্থনীতি যদি শক্তিশালী হয়, সুদের হার বেশি থাকে এবং ডলার শক্তিশালী হয়, তাহলে সোনা ও রূপার দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এর প্রভাব পড়তে পারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এর লেনদেন এবং শেয়ারের ওপরও। ফলে বিনিয়োগকারীদের জন্য আগামী বছর সুযোগের পাশাপাশি সতর্কতার বার্তাও দিয়ে রাখছে বাজার।
আরও পড়ুন-২.৫০ লাখ পার রূপা, বছর শেষে সোনার দামেও 'আগুন'
আরও পড়ুন-দীপু চন্দ্র দাস, অমৃত মণ্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য, কী বলেছেন জানেন?
আরও পড়ুন-টাটা-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন! দুটি বগি পুড়ে ছাই...একজন নিহত, আহত একাধিক
আরও পড়ুন- BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ
আরও পড়ুন- ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক, পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us