/indian-express-bangla/media/media_files/2025/02/14/qb5fCsuAiBfOeb2wM2yJ.jpg)
প্রতীকী ছবি।
South Kolkata bombing: খাস কলকাতায় চলল গুলি ও দেদার বোমাবাজি। রবিবার রাতে গোলপার্ক সংলগ্ন কাঁকুলিয়া রোড ও পঞ্চাননতলা এলাকায় একদল সশস্ত্র দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র, বোমা এবং ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের এই হামলায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গতরাত থেকে এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।
পিকনিক নিয়ে বিবাদ নাকি এলাকা দখল?
স্থানীয় তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের দাবি, একটি পিকনিককে কেন্দ্র করে সামান্য বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাঁদের অভিযোগ, প্রায় ১৫০ জনের একটি দুষ্কৃতী বাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু এবং তার দলবলের বিরুদ্ধে এই হামলার আঙুল তুলেছেন বাসিন্দারা। অভিযোগ, এলাকা দখলের উদ্দেশ্যেই এই তান্ডব চালানো হয়েছে।
ঘটনাস্থল থেকে রবীন্দ্র সরোবর থানা মাত্র এক কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা দীর্ঘক্ষণ তান্ডব চালাল, তা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। উত্তেজনার জেরে একটি পুলিশ ভ্যানে ভাঙচুরও চালানো হয়। ডিসি (সাউথ ওয়েস্ট) এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই পুলিশ তিনটে টিম গঠন করে অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুন-Animal Cruelty: যাকে পাড়া শুদ্ধ সবাই ভালবাসত, তাকেই পাথরের ঘায়ে 'খুন'! নিভে গেল এক অবলা প্রাণ
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী জানান, ছুটির দিনে পিকনিককে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তিনি পালটা বিজেপি নেতা অর্জুন সিংকে নিশানা করে বলেন, সোনা পাপ্পু বিজেপিতে গেলে কি সে 'সাধু' হয়ে যেত? তিনি স্পষ্ট করেন যে অপরাধীদের কোনো রাজনৈতিক রং দেখা হবে না।
আরও পড়ুন-West Bengal Weather: শীত-বসন্তের লুকোচুরি! এখনই বিদায় বলছে না ঠান্ডা, খুশির খবর শীতপ্রেমীদের জন্য
বিজেপি নেতা সজল ঘোষের দাবি, এটি তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং এলাকা দখলের লড়াই। তিনি অভিযোগ করেন, মানুষের জীবনের নিরাপত্তা এখন সংকটে। শান্তিতে ঘুমাতে চাইলে মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে ভোট দেবে।
আরও পড়ুন- SIR Hearing: চার ঘণ্টা লাইনের ধকল সইতে পারলেন না বৃদ্ধ, শ্রীরামপুরে এসআইআর শুনানি চলাকালীন মৃত্যু
গত সেপ্টেম্বরে আনন্দপুরের গুলশান কলোনিতে এলাকা দখলকে কেন্দ্র করে একই ধরনের অশান্তি দেখা গিয়েছিল। কাঁকুলিয়া রোডের বাসিন্দাদের অভিযোগ, সেই একই কায়দায় সোনা পাপ্পুর অনুগামীরা এখন ঢাকুরিয়া এবং সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। রবিবার রাতে প্রায় ৩৫-৪০ জনের একটি দল হঠাৎ এলাকায় ঢুকে ব্যাপক বোমাবাজি ও চপার নিয়ে হামলা চালায়, যাতে বেশ কয়েকজন জখম হয়েছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us