/indian-express-bangla/media/media_files/2025/12/29/gourbanga-university-caste-abuse-professor-complaint-malda-2025-12-29-20-57-54.jpg)
প্রকাশ্যে অধ্যাপককে 'জাত তুলে' অপমান, বিরাট অভিযোগে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
প্রকাশ্যে এক অধ্যাপককে জাত তুলে গালাগালি করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অচিন্ত্যকুমার ব্যানার্জি ও তাঁর ছেলে অম্লান ব্যানার্জির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরীক্ষা নিয়ামক অধ্যাপক ড. বিশ্বরূপ সরকার। রবিবার থানায় অভিযোগ দায়ের হওয়ার পর সোমবার বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয় চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে বাংলা বিভাগের ছাত্র অম্লান ব্যানার্জি চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন। তিনি ওই বিভাগের অধ্যাপক অচিন্ত্যকুমার ব্যানার্জির পুত্র। অভিযোগ, ৮ জুলাই অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জি পরীক্ষা নিয়ামক ড. বিশ্বরূপ সরকারের চেম্বারে গিয়ে ছেলের পরীক্ষার ফল সম্পর্কে জানতে চান, যদিও তখনও ফলাফল প্রকাশিত হয়নি। নিয়ম অনুযায়ী ফলাফল সংক্রান্ত কোনও তথ্য দিতে রাজি হননি পরীক্ষা নিয়ামক। অভিযোগের ভিত্তিতে জানা যায়, এরপরই ড. বিশ্বরূপ সরকারের উদ্দেশে অপমানজনক মন্তব্য করা হয় এবং জাতপাত তুলে কটুক্তি করা হয়।
আরও পড়ুন-SIR hearing: ‘কমিশনের জমিদারি মানব না’, SIR শুনানি বন্ধ করে দিয়ে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
ঘটনার পর বিষয়টি আরও জটিল আকার নেয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনও ছাত্র পরীক্ষার্থী হলে তাঁর অভিভাবক যদি শিক্ষক হন, তাহলে পরীক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনায় তাঁর যুক্ত থাকা অনুচিত। অথচ অভিযোগ উঠেছে, অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জি প্রশ্নপত্র প্রস্তুত ও পরীক্ষক নির্ধারণ সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক ডেকে সকলের মতামতের ভিত্তিতে অম্লান ব্যানার্জির চতুর্থ সেমিস্টারের ফলাফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, এরপর অম্লান ব্যানার্জি কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে আবার পরীক্ষা নিয়ামকের দফতরে চড়াও হন। সেখানেও পরীক্ষা নিয়ামককে হুমকি দেওয়া হয় এবং ফের জাতপাত তুলে মন্তব্য করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে পরীক্ষা নিয়ামক অধ্যাপক ড. বিশ্বরূপ সরকার বলেন, “বিশ্ববিদ্যালয় স্তরের একজন অধ্যাপক ও তাঁর পুত্রের কাছ থেকে এ ধরনের জাতপাতমূলক মন্তব্য একবিংশ শতাব্দীতে সত্যিই লজ্জাজনক। এই ধরনের মানসিকতা নিয়ে কেউ ছাত্রদের কী শিক্ষা দেবেন বা নিজের সন্তানকেই বা কী শেখাতে পেরেছেন, তা ভাবার বিষয়। তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।”
আরও পড়ুন-Aadhaar PAN link: সময় ফুরোচ্ছে, আজই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন, নইলে বিরাট সমস্যায় পড়তে পারেন!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us