/indian-express-bangla/media/media_files/2025/12/27/cats-2025-12-27-14-11-56.jpg)
৪০ লক্ষ টাকার গোবিন্দ ভোগ চাল সহ ট্রাক নিয়ে চম্পট -নদীয়া থেকে পাকড়াও ট্রাক চালক ও তার সহযোগী -চাল সহ ট্রাক উদ্ধার হুগলী থেকে।
প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের গোবিন্দ ভোগ চাল কেরলে পৌঁছে দেওয়ার কথা থাকলেও গন্তব্যে না পৌঁছে ট্রাক নিয়ে চম্পট দিয়েছিল চালক। তবে শেষ পর্যন্ত রেহাই পেল না অভিযুক্তরা। রাইস মিল মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ নদিয়া জেলার দু’টি পৃথক এলাকা থেকে ট্রাক চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে চুরি যাওয়া ৪০০ বস্তা গোবিন্দ ভোগ চাল-সহ ওই ট্রাকটি। বাকি চাল উদ্ধারের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে পুলিশ।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
বর্ধমান দক্ষিণের এসডিপিও অভিষেক মণ্ডল জানান, ধৃত ট্রাক চালকের নাম মিলন দাস। তাকে প্রথমে নদিয়া জেলার চাকদহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার সহযোগী তাপস শর্মাকে কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হুগলি জেলার বলাগড় এলাকা থেকে চুরি যাওয়া ট্রাক এবং ৪০০ বস্তা গোবিন্দ ভোগ চাল উদ্ধার করা সম্ভব হয়েছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার দুই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এসডিপিও আরও জানান, চুরি যাওয়া বাকি চাল উদ্ধারের পাশাপাশি চক্রে জড়িত অন্যদের খোঁজে তাপস শর্মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে ধৃত ট্রাক চালকের টিআই প্যারেডের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেরলে পাঠানোর উদ্দেশ্যে মাধবডিহি থানার বুলচন্দ্রপুর এলাকার একটি রাইস মিল থেকে ২৫ টন গোবিন্দ ভোগ চাল ওই ট্রাকে তোলা হয়েছিল। মিল কর্তৃপক্ষের দাবি, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় রায়নার পলেমপুর এলাকার একটি ট্রান্সপোর্ট সংস্থার মাধ্যমে চাল বোঝাই করা হয়। ট্রাকটির নম্বর ছিল WB15B 6597 এবং সেটির কেরল যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন- ছেলের জন্মদিনে দিনভর পথচারীদের পেট পুরে খাইয়ে নজির, ডালপুরি বিক্রেতার মহানুভবতাকে কুর্নিশ
কিন্তু ২২ ডিসেম্বরের পর থেকে ট্রাকের চালক বা মালিক কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেননি রাইস মিল কর্তৃপক্ষ। সন্দেহ ঘনীভূত হলে ট্রাক নম্বর ধরে খোঁজ শুরু করা হয়। তখনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। মিল কর্তৃপক্ষ জানতে পারেন, যে ট্রাকে চাল পাঠানো হয়েছিল তার নম্বরটি ভুয়ো এবং মালিকানার নথিও জাল। অনুসন্ধানে আরও জানা যায়, ওই নম্বরের আসল ট্রাকের মালিক হুগলি জেলায় রয়েছেন।
বিষয়টি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এটিকে “বড় ভুল” বলে স্বীকার করে নেয়। এরপরই রাইস মিল কর্তৃপক্ষ মাধবডিহি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর থানার ওসি-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া চাল ও ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আরও পড়ুন- পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করে চরম বিপাকে, পরিণতি জানলে চমকে উঠবেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us