/indian-express-bangla/media/media_files/2026/01/26/group-captain-shubhanshu-shukla-ashok-chakra-space-mission-2026-01-26-12-16-14.jpg)
ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
মহাকাশে ইতিহাস তৈরি করেছিলেন। এবার ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে দেশের সর্বোচ্চ বীরত্বের সম্মান অশোক চক্রে ভূষিত করল মোদী সরকার। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত পুরস্কারের তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়েছে। মহাকাশচারী রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লাই দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পাড়ি দিয়ে দেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
২০২৫ সালের ২৫ জুন অ্যাক্সিওম–৪ মিশনের অংশ হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ যান। প্রায় ২০ দিন মহাকাশে থেকে কৃষি, বিজ্ঞান, নতুন প্রযুক্তি এবং মানব শারীরবৃত্তীয় গবেষণা সংক্রান্ত ৬০টিরও বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। দীর্ঘ মহাকাশ অভিযানের শেষে ১৪ জুলাই তিনি নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এই ঐতিহাসিক অভিযানের জন্যই তাঁকে 'অশোক চক্রে' সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের ভোরে বিধ্বংসী আগুন কলকাতায়! আনন্দপুরে ভস্মীভূত গোডাউন, ভেতরে আটকে ৩-৪ জন?
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত তালিকা অনুযায়ী, এ বছর একজনকে অশোক চক্র, তিনজনকে কীর্তি চক্র এবং ১৩ জনকে শৌর্য চক্র প্রদান করা হচ্ছে। অশোক চক্র প্রাপক হিসেবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নাম ঘোষণা করা হয়েছে। কীর্তি চক্র পাবেন মেজর আরশদীপ সিং, নায়েব সুবেদার দোলেশ্বর সুব্বা এবং গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার।
উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা দ্বাদশ শ্রেণী শেষ করার পর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখান থেকে স্নাতক হন। ২০০৬ সালে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন। ২০২৯ সালে ভারতের গগনযান মিশনের জন্য তাঁকে মহাকাশচারী হিসেবে নির্বাচিত করা হয়। দীর্ঘ প্রশিক্ষণ ও নিষ্ঠার ফলেই তিনি দেশের দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশ অভিযানে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেন। তাঁর এই অসামান্য সাহস, দক্ষতা ও দেশের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবেই অশোক চক্র প্রদান করা হল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us