/indian-express-bangla/media/media_files/2025/11/28/guskara-online-trading-fraud-arrest-madhya-pradesh-2025-11-28-16-23-58.jpg)
ভিনরাজ্যে বসে বাংলায় প্রতারণার ভয়ঙ্কর পর্দা ফাঁস
Cyber Crime: মধ্যপ্রদেশে ঘাঁটি গেড়ে থেকে অনলাইন শেয়ার ট্রেডিংয়ের প্রলোভন দেখিয়ে বাংলার লোকেদের সঙ্গে চলানো হচ্ছিল আর্থিক প্রতারণা। তবে অবশ্য অভিযুক্তের নিস্তার মেলেনি। প্রায় ২৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগের তদন্তে নেমে পূর্ব বর্ধমানের গুসকরা ফাঁড়ির পুলিশ মধ্যপ্রদেশ থেকে প্রতারক যুবককে গ্রেপ্তার করে বাংলায় নিয়ে এসেছে। ধৃতের নাম রাজ সোলাঙ্কি। প্রতারিত হওয়া গুসকরার বাসিন্দা অরিন্দম মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে পুলিশ জানিয়েছে। ট্রানজিট রিমাণ্ডে নিয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে। বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে জেরা করে পুলিশ প্রতারিতদের টাকা উদ্ধার সহ পুরো প্রতারণা চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ সূত্র জানা গিয়েছে, অরিন্দম মুখোপাধ্যায়ের দায়ের করা অভিযোগ অনুযায়ী গুসকরা ফাঁড়ির পুলিশ তদন্তে নামে। অরিন্দমবাবু পুলিশকে জানান, গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর ফোনে অনলাইন শেয়ার ট্রেডিংয়ের প্রস্তাব আসে। একটি সংস্থার নাম করে এক মহিলা ব্রোকার টেলিগ্রামের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টাকা লেনদেন সংক্রান্ত পুরো বিষয়টিতে ওই মহিলা নির্দেশ দিতেন। সেই নির্দেশ মতো প্রথমে ৫০ হাজার টাকা জমা করার পরের দিন অরিন্দমবাবু ব্যাঙ্কের মাধ্যমে ৫,০৪০ টাকা লভ্যাংশ পান। এতে ভরসা তৈরি হলে অরিন্দমবাবু ধাপে ধাপে মোট ২৭ লক্ষ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন।
এরপর আসল খেলা শুরু করে প্রতারকরা। অরিন্দমবাবু যখন লভ্যাংশ তুলতে যান, তখন তাঁকে জানানো হয় ২৪,১৮৬ মার্কিন ডলার ‘ট্যাক্স’ বাবদ তাঁকে দিতে হবে। অরিন্দমবাবু এই প্রস্তাব অস্বীকার করতেই তাঁকে সমস্ত প্ল্যাটফর্মে ব্লক করে দেয় ওই সংস্থা। এমনটা হতেই ঘুম ওড়ে অরিন্দম মুখোপাধ্যায়ের। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অরিন্দমবাবু পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিশ কর্তারা একপ্রকার নিশ্চিত হন, এটি বড়সড় একটি আন্তঃরাজ্য প্রতারণা চক্রের কাজ। সেই মতো প্রস্তুতি নিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে অভিযান চালিয়ে পুলিশ চক্রের অন্যতম পাণ্ডা রাজ সোলাঙ্কিকে পাকড়াও করে।
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us