/indian-express-bangla/media/media_files/2025/11/28/india-costliest-number-plate-2025-11-28-18-40-39.jpg)
দেশ জুড়ে চর্চায় এখন ‘HR88B8888’
India Costliest Number Plate: অনেকেই আছেন যাঁরা নতুন গাড়ি কেনার সময় চান তাঁদের পছন্দের বা লাকি নম্বরটিই গাড়ির নম্বর প্লেটেও থাকুক। কীভাবে পাবেন সেই ভিআইপি বা ফ্যান্সি নম্বর প্লেটটি? এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। এর মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে ১.১৭ কোটিতে নিজের সাধের নম্বর প্লেট ‘HR88B8888’ নিয়েছেন হরিয়ানার এক ব্যাবসায়ী। যা এখন দেশ জুড়ে সংবাদ শিরোনামে।
হরিয়ানায় একটি বিশেষ নিলাম পর্বে ‘HR88B8888’ নম্বর প্লেট কিনে দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন হিসারের বাসিন্দা সুধীর কুমার। মাত্র ৫০,০০০ টাকা থেকে শুরু হওয়া নিলাম শেষ হয়েছে চোখ কপালে তোলার মতো ১.১৭ কোটিতে। এই নম্বর প্লেটটি এখন দেশের সবচেয়ে দামি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হিসেবে রেকর্ড গড়েছে। মোট ৪৫ জন দরদাতা এই অনন্য নম্বরটি কেনার প্রতিযোগিতায় অংশ নেন।
নিলামটি শুক্রবার বিকেল ৫টায় শুরু হয়ে সোমবার সকাল ৯টায় বন্ধ হয়। বুধবার বিকেল ৫টায় ঘোষিত ফলাফলে জানা যায়, বিজয়ী দরদাতা সুধীর কুমার প্রথমে মাত্র ১১,০০০ জমা দিয়েছিলেন যার মধ্যে ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ১০,০০০ সিকিউরিটি ডিপোজিট হিসেবে। সম্পূর্ণ অর্থ জমা দেওয়ার পরই নিলাম আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ বলে গণ্য হবে, যার জন্য তাঁর হাতে রয়েছে পাঁচ দিনের সময়।
আরও পড়ুন- West Bengal Weather Updates: ফের সমুদ্রে ঘূর্ণিঝড়! বাংলার আকাশে শীত না বৃষ্টি—কী বলছে আলিপুর?
কে এই সুধীর কুমার?
৩০ বছর বয়সী সুধীর কুমার পেশায় ব্যবসায়ী। তাঁর একাধিক ব্যবসা রয়েছে পরিবহন , সফটওয়্যার কোম্পানি এবং বাণিজ্যিক পরিবহন-সম্পর্কিত একটি মোবাইল অ্যাপ তৈরির প্রজেক্ট। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি জানান, “আমার নির্দিষ্ট কোনও বাজেট ছিল না। নম্বরটি ভালো লেগেছিল, তাই দরপত্র দিয়েছিলাম। এত প্রতিযোগিতা হবে আশা করিনি।”
HR88B8888—এই নম্বরের বিশেষত্ব কী?
HR: রাজ্য কোড, অর্থাৎ গাড়িটি হরিয়ানায় নিবন্ধিত।
88: হরিয়ানার নির্দিষ্ট জেলার আরটিও কোড।
B: সিরিজ কোড, যার আকৃতিও ৮-এর মতো।
8888: চারটি ৮ যেটি অত্যন্ত শুভ সংখ্যা বলে মনে করা হয়।
নম্বরটিতে ৮-এর পুনরাবৃত্তি এবং পুরো সিরিজে এক ধরণের ‘লাকি প্যাটার্ন’ থাকায় এটি দরদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছিল। এই অনন্য প্যাটার্নই নম্বর প্লেটটির দাম ইতিহাস গড়ে তুলেছে।
কীভাবে ভিআইপি নম্বর পাবেন?
নতুন গাড়ির জন্য ভিআইপি বা ফ্যান্সি নম্বর পেতে আপনাকে প্রথমেই যেতে হবে সংশ্লিষ্ট আরটিও (RTO)-এর অনলাইন ওয়েবসাইটে। মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন “Transport VIP number”।
এরপর যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করে “Fancy Number Services” বা এই ধরণের কোনও বিকল্পে ক্লিক করুন। সেখানে একটি অপশন থাকবে “Check Availability of Fancy Choice Numbers”। এখানে ক্লিক করলেই আপনি পরবর্তী ধাপে চলে যাবেন।
এখানে গিয়ে আপনাকে প্রথমে আপনার রাজ্য এবং নির্দিষ্ট আরটিও নির্বাচন করতে হবে। এরপর একটি তালিকা খুলে যাবে যেখানে আপনার রাজ্যে বর্তমানে কোন ভিআইপি নম্বর উপলব্ধ, সেটি আপনি দেখতে পাবেন। প্রতিটি নম্বরের পাশেই লেখা থাকবে সেই নম্বরটি কোন গাড়ির জন্য প্রযোজ্য এবং তার খরচ কত।
আপনার পছন্দের নম্বরটি সিলেক্ট করার পর আপনাকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এরপর আপনি অংশ নিতে পারবেন ই-নিলামে (e-auction)। এখানে আপনাকে আপনার পছন্দের নম্বরের জন্য বিড করতে হবে। সর্বোচ্চ দর যিনি দেবেন, তিনি পেয়ে যাবেন নম্বরটি। নিলাম শেষে হলে অর্থ প্রদান করে আপনি ওই নম্বরটি নিজের জন্য বরাদ্দ করতে পারেন।
এরজন্য আপনার কাছে প্রয়োজনীয় গাড়ির নথিপত্র ও আইডি প্রমাণ থাকতে হবে। প্রতিটি রাজ্যের জন্য নিলামের সময়সীমা ও প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে, তাই আপনার রাজ্যের আরটিও ওয়েবসাইটে নিয়মাবলি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। আপনার গাড়ির নম্বর প্লেট এখন হতে পারে একেবারে ইউনিক এবং আপনার পছন্দসই। এখন আর অপেক্ষা নয় – আজই শুরু করুন প্রক্রিয়া।
ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার, আগামী মাসে পুতিনের ভারত সফরে নজর আমেরিকার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us