/indian-express-bangla/media/media_files/2026/01/18/hasan-mahmud-awami-league-bangladesh-election-delhi-statement-2026-01-18-12-00-51.jpg)
"আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন স্রেফ একটা প্রহসন"
নয়াদিল্লি থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ। তিনি স্পষ্টভাবে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিলে বাংলাদেশে কখনও স্থিতিশীলতা ফিরবে না। তাঁর দাবি, আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত নির্বাচন একটি “সুপরিকল্পিত প্রহসন” ছাড়া আর কিছুই নয়।
নয়াদিল্লিতে আয়োজিত আওয়ামী লীগের প্রথম আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি ইঙ্গিত দেন, ঢাকায় যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে কোনও গুরুতর হুমকি তৈরি হয়, তবে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। বর্তমানে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসান মাহমুদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী এবং একাধিকবার দেশ শাসন করা দলকে নিষিদ্ধ করে কোনও নির্বাচন হলে তা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সামিল। এই প্রক্রিয়ায় বাংলাদেশে স্থায়ী অস্থিরতাই বাড়বে।” তিনি নির্বাচন কমিশনের ঘোষিত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের বাস্তবতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
এক দৃঢ় ঘোষণায় হাসান মাহমুদ জানান, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ আবার ঢাকায় ক্ষমতায় ফিরবে। তিনি বলেন, “আমরা শেখ হাসিনাকে সঙ্গে নিয়েই দেশে ফিরে সরকার গঠন করব।” এই সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের (ICRF) আইনি দলের প্রধান গোলাম মারুফ মজুমদার নিজাম।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us