/indian-express-bangla/media/media_files/2025/11/17/sheikh-hasina-icc-verdict-bangladesh-tension-hartal-dhaka-alert-2025-11-17-11-33-33.jpg)
বাংলাদেশে উত্তেজনার পারদ চরমে।
Sheikh Hasina verdict : বাংলাদেশে উত্তেজনার পারদ চরমে। বহিষ্কৃত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করতে চলেছে। রায়ের আগে থেকেই দেশজুড়ে চরম অস্থিরতা। এর প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছে, যদিও ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে। ফলে পুরো দেশজুড়ে হাই-অ্যালার্ট জারি করা রয়েছে।
আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের মাঝপথে নিম্নচাপের ধাক্কা!, বাড়বে তাপমাত্রা, ফের ঝেঁপে বৃষ্টি?
এরই মধ্যে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি সমর্থকদের রাস্তায় নেমে প্রতিবাদ আরও তীব্র করার আহ্বান জানিয়েছেন। বার্তা প্রকাশের পরপরই ঢাকার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর । রবিবার রাতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি বিস্ফোরণ হয়, আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে কারওয়ান বাজারে। সৌভাগ্যক্রমে কোনও হতাহতের খবর নেই।
রাজধানীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মহাম্মদ সাজ্জাদ আলী নির্দেশ দিয়েছেন, কেউ যদি পুলিশের ওপর হামলা চালায় বা হিংসায় উস্কে দেয়, তবে তাদের দেখা মাত্রই গুলি চালানো হবে।
শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ—২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র বিক্ষোভ চলাকালীন হিংসাকে উস্কে দেওয়া ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা। মামলার শুনানি শেষ হয় ২৩ অক্টোবর, এবং আজ সাজা ঘোষণা হবে।
আরও পড়ুন-West Bengal News Updates: পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ, 'কার দালালি করছে' প্রশ্ন মমতা ঘনিষ্ঠ মন্ত্রীর
বন্ধের প্রভাবে রবিবার বাংলাদেশের অনেক শহরে জনজীবন কার্যত স্তব্ধ। রাস্তাঘাট ফাঁকা, বাজার-দোকান কার্যত বন্ধ রয়েছে। দলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন গোপন আস্থানা থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন।
এদিকে শেখ হাসিনা তার বিরুদ্ধে অভিযোগগুলি ‘মিথ্যা’ বলে দাবি করেছেন। তবে রায়ের আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ক্রমেই সংকটের দিকে এগোচ্ছে, তা পরিষ্কার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us